বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধুকন্যা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বেলারুশের প্রধানমন্ত্রী রোমান গোলভচেঙ্কো। সেই সঙ্গে সরকারপ্রধানের সুস্বাস্থ্য, সুখ এবং দায়িত্বশীল পদে সাফল্য কামনা করেছেন গোলভচেঙ্কো।

অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘বেলারুশ প্রজাতন্ত্র সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন।’

রোমান গোলভচেঙ্কো বলেন, ‘আপনার নেতৃত্ব ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সঠিক কৌশলের জন্য এটি নিঃসন্দেহে আপনার প্রতি বাংলাদেশের জনগণের গভীর আস্থার প্রমাণ।’

তিনি বলেন, ‘আনন্দের সঙ্গে উল্লেখ করা যায় যে রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক ক্ষেত্রে সহযোগিতাকে আরও সফলভাবে শক্তিশালী করতে পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আমাদের বন্ধুত্বপূর্ণ দুই দেশের মধ্যে সংলাপ হয়।’