https://daynightbd.com


যুক্তরাষ্ট্রে তুষারপাতের পাশাপাশি চলছে বৃষ্টি ও ভারী বর্ষণ। এখন পর্যন্ত তীব্র শীত ও তুষারপাতে ৮৯ জনের প্রাণহানি ঘটেছে।
শনিবার (২০ জানুয়ারি) দেশটির জাতীয় আবহাওয়া দপ্তরের (এনডব্লিউএস) বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে সিবিএস নিউজ।
সিবিএসের এক প্রতিবেদন অনুযায়ী, এক সপ্তাহ ধরে উত্তর আমেরিকার এই দেশটিতে তীব্র ঠান্ডা ও তুষারপাত হচ্ছে। তীব্র তুষারপাত ও তুষারঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে মৃতের সংখ্যা। এখন পর্যন্ত ৮৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে; যাদের বেশিরভাগই টেনিসিতে। এর পরের অবস্থানে আছে ওরেগন, ইলিনয় ও পেনসিলভেনিয়া।
এ ছাড়া সড়কে তুষার জমে পিচ্ছিল হয়ে পড়ায় দুর্ঘটনার কবলে পড়ছে যানবাহন। বেশ কয়েকটি অঙ্গরাজ্যে হতাহতের খবরও পাওয়া গেছে। আর প্রবল তুষারঝড়ের কারণে দেশটির বিশাল এলাকাজুড়ে হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।
দেশটির আবহাওয়া দফতরের তথ্য বলছে, এক সপ্তাহের বেশি সময় ধরে বিভিন্ন অঙ্গরাজ্যের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তুষারঝড়। অনেক জায়গায় কয়েক ফুট পর্যন্ত তুষারের স্তূপ জমেছে। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন।
বিবিসির প্রতিবেদনে জানা গেছে, স্থানীয় সময় রোববার বিকেল পর্যন্ত ওরেগনের প্রায় ১০ হাজার মানুষ, উত্তর ক্যারোলিনায় ৮ হাজার, ক্যালিফোর্নিয়ায় ৭ হাজার এবং কেনটাকিতে ৪ হাজার ৩০০ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন।


