ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের গতিসীমা বাড়িয়ে ৮০ কিলোমিটার করা হয়েছে। এর আগে সর্বোচ্চ গতিসীমা ছিল ৬০ কিলোমিটার।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত থেকে এই গতিসীমা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (অপারেশন ও মেইনটেন্যান্স) কোম্পানি লিমিটেডের যান চলাচল, সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পরিচালক ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান খান।
তিনি জানান, ডিএমপি এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাত থেকে ৮০ কিলোমিটার গতিসীমা কার্যকর করা হয়েছে। এর চেয়ে বেশি গতিসীমায় যানবাহন চালালে মামলা দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
উল্লেখ্য, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ডিজিটাল বোর্ডে যানবাহন চলাচলের নতুন এ গতিসীমা সম্পর্কে জনসাধারণকে জানানো হচ্ছে। এরই মধ্যে রাস্তার পাশে ‘৮০ কিলোমিটার’ লেখা সংকেত-চিহ্নও বসানো হয়েছে।


মন্তব্য করুন