ওয়ানডে ক্রিকেট থেকে দীর্ঘ ১৯ বছরের যাত্রা থামিয়ে গত রাতে অবসরের ঘোষণা দেন মুশফিকুর রহিম।

বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক এ অধিনায়কের বিদায়ে সতীর্থসহ ভক্ত-অনুরাগীদের সোশ্যাল মিডিয়ায় আবেগঘণ পোস্ট করতে দেখা গেছে।

সফল এই ব্যাটার ও উইকেটরক্ষকের অবসরে বিশাল স্ট্যাটাস দিয়েছেন তার স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে দেয়া এক পোস্টে মন্ডি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, অন্ত্যন্ত তৃপ্তির সঙ্গে তোমাকে ওডিআই ক্রিকেট থেকে অবসরের শুভেচ্ছা জানাচ্ছি, আমার প্রিয়তম!তোমার একটি দারুণ ওডিআই ক্যারিয়ার ছিল আলহামদুলিল্লাহ.. নিজের প্রতি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তোমাকে কঠোর পরিশ্রম করতে দেখেছি, ভাঙা পাঁজর নিয়ে এবং গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একসঙ্গে ২০টা পেইনকিলার নিয়েও খেলতে দেখেছি! তুমি কখনো নিজের জন্য খেলোনি, বরং দল ও দেশপ্রেমের জন্যই খেলেছ! এমন একজন সৎ মানুষকে পাওয়াটা আশীর্বাদ, যিনি ওযু না করে কখনোই তার ব্যাট ও বল স্পর্শ করতেন না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ.. তুমি একজন পারিবারিক মানুষ, আমাদের বাচ্চারা তোমাকে খুব পছন্দ করে, আমি চাই শাহরোজ তোমার সব ভালো গুণ পাক এবং তোমাকেই জীবনের আদর্শ বানাক।’

তিনি আরও লিখেছেন, ‘আমি জানি এটা কঠিন সিদ্ধান্ত ছিল, ইনশাআল্লাহ তোমার জন্য নতুন একটা উজ্বল অধ্যায় অপেক্ষা করছে! তুমি আমাদের জন্য আজ পর্যন্ত যা করেছ তাতে আমাদের পরিবার তোমাকে নিয়ে পরিপূর্ণভাবে তৃপ্ত এবং এটাই যথেষ্ঠ, পৃথিবী নেতিবাচকতা নিয়ে যা খুশি বলুক..পরিশেষে আমি বিশ্বের উদ্দেশ্যে বলতে চাই, দয়া করে এমন পর্যায়ে সমালোচনা করবেন না যে, কাউকে আপনার জন্য প্রার্থনার আসনে বসে কাঁদতে হয়। আমরাও মানুষ।’

ক্যারিয়ারের নানা উত্থান-পতনেও স্বামীকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থেকেছেন মুশফিকের পক্ষে ।