প্রতিটি ফুটবল ফেডারেশন ফিফার কাছ থেকে বড় অঙ্কের ফান্ড পায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) এর ব্যতিক্রম নয়। কিন্তু ২০১৮ সাল থেকে সংগঠনটির ওপর অর্থনৈতিক ‘নিষেধাজ্ঞা’ আরোপ করেছিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এবার সংস্থাটি সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে।

শুক্রবার (৭ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যায় ফিফার কাছ থেকে আনুষ্ঠানিক চিঠি পেয়েছে বাফুফে, যা সংস্থাটির জন্য এক বড় স্বস্তির খবর।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম।

তিনি জানান, নতুন কমিটির দায়িত্ব গ্রহণের পর থেকে সভাপতি তাবিথ আউয়াল স্বচ্ছতা আনতে বিশেষ উদ্যোগ নেন। তার প্রচেষ্টার কারণেই ফিফা বাফুফের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে বাফুফে সর্বোচ্চ সচেষ্ট থাকবে।

চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফিফার একটি প্রতিনিধি দল ঢাকায় এসে বাফুফের ফান্ড ব্যবস্থাপনা পর্যালোচনা করে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই ফিফা বাফুফের অর্থায়নে শিথিলতা আনে এবং নিষেধাজ্ঞা তুলে নেয়।