উয়েফা চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অফ সিক্সটিন পর্বের ফিরতি লেগ ম্যাচে পর্তুগিজ ক্লাব বেনফিকাকে ৩-১ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে ম্যাচ জিতল কাতালানরা।

ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটেই লিড নেয় বার্সেলোনা। লামিন ইয়ামালের দারুণ অ্যাসিস্টে সহজ ফিনিশিং রাফিনিয়ার। অবশ্য মিনিট দুয়েকের মাথায় সমতায় ফেরে বেনফিকা। স্কোর শিটে নাম তোলেন নিকোলাস ওটামেন্ডি।

এরপর ম্যাচের ২৭ মিনিটে দূরপাল্লার দৃষ্টিনন্দন শটে বার্সেলোনাকে এগিয়ে নেন ইয়ামাল। চ্যাম্পিয়নস লিগের ইটিহাসে সবচেয়ে কম বয়সে গোল ও অ্যাসিস্টের কীর্তি গড়েন ১৭ বছর ২৪১ দিন বয়সী এই স্প্যানিশ উইঙ্গার। প্রথমার্ধের শেষ দিকে নিজের দ্বিতীয় গোলের দেখা পান রাফিনিয়া। চলতি চ্যাম্পিয়ন্স লিগে এটি তার ১১তম গোল।

বিরতির পর গোলের তেমন কোন সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। পুরো ম্যাচে ৬৫ শতাংশ সময় বল দখলে রাখা বার্সেলোনা শেষ পর্যন্ত ম্যাচ জেতে ৩-১ ব্যবধানে।