নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি বন্ধের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো ১২ মার্কিন সিনেটরের চিঠিতে বাংলাদেশের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।
তিনি বলেন, কোনো দেশের বিচার প্রক্রিয়া না জেনে কোনো ধরনের মন্তব্য বা প্রতিক্রিয়া দেওয়া সঠিক নয়। অন্যদিকে, ১২ সদস্যের এ চিঠি দেশের বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপ বলে মনে করেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
তিনি বলেন, ১২ সিনেটরের চিঠি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। গতকাল বুধবার সুপ্রিম কোর্টে পৃথকভাবে তারা এ মন্তব্য করেছেন।
গত সোমবার ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি বন্ধের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি পাঠান মার্কিন পার্লামেন্টের ১২ জন সিনেটর।
অ্যাটর্নি জেনারেল নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর কাছে এ সংক্রান্ত চিঠি দেওয়া সমুচিত নয়। কারণ তিনি বিচার বিভাগের কেউ নন। প্রকাশ্য আদালতে ড. ইউনূসের মামলার বিচার হয়েছে। এটা নিয়ে কারও কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া থাকলে বাতিল করার ব্যবস্থা রয়েছে। সেখানে তারা তাদের বক্তব্য দিতে পারেন।
তিনি বলেন, বহির্বিশ্বের যেসব ব্যক্তি বা সংস্থা ড. ইউনূসের মামলা নিয়ে কথা বলছেন, তারা বাংলাদেশের বিচারব্যবস্থা নিয়ে কিছু জানেন না অথবা কেউ তাদের প্রভাবিত করে এসব কাজ করাচ্ছে।
অ্যাডভোকেট খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন। ড. ইউনূস দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে সাজা দিয়েছেন। আইনি সুযোগ নিয়ে তিনি এখন জামিনে রয়েছেন। তিনি মার্কিন সিনেটরদের বাংলাদেশের আদালতে বিচার পর্যবেক্ষণের আহ্বান জানান।
প্রসঙ্গত, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি বন্ধের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের ১২ জন সদস্য।
চিঠিতে বলা হয়, এক দশকের বেশি সময় ধরে অধ্যাপক ইউনূস বাংলাদেশে দেড় শতাধিক ভিত্তিহীন মামলার মুখোমুখি হয়েছেন। এগুলোর মধ্যে সম্প্রতি দেশের শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় মুহাম্মদ ইউনূসের ছয় মাসের কারাদণ্ডের রায়ের মামলাও রয়েছে। খ্যাতিনামা সংস্থাগুলো বলেছে, বিচারপ্রক্রিয়ার গতি এবং বারবার ফৌজদারি কার্যধারার ব্যবহার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিচারব্যবস্থার অপব্যবহারের ইঙ্গিত দেয়। চলমান রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে একটি গণতান্ত্রিক দেশে এ ধরনের প্রচেষ্টাকে অবমূল্যায়ন করা উচিত নয়।


মন্তব্য করুন