রাজধানীর ডেমরায় মো. হাবিবুর রহমান মোল্লা নামে সাবেক ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় ডেমরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে র্ভর্তি করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা হত্যার চেষ্টায় এ হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবারের লোকজন। তিনি ডেমরা মালা মার্কেট এলাকার মঞ্জুর আলী মোল্লার ছেলে।

জানা গেছে, হাবিবুর সাবেক ডেমরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছিলেন। তিনি বর্তমানে স্থানীয় যুবদল নেতা ও জিয়া সাইবার ফোর্সের সিনিয়র যুগ্ম আহবায়ক পদপ্রার্থী।

ভুক্তভোগীর বাবা মঞ্জুর আলী জানায়, সন্ধ্যায় একটি ইফতার পার্টি শেষে বাড়ি ফিরছিলেন হাবিবুর। ডেমরা বাজারে ওঁৎ পেতে থাকা ছাত্রলীগ নামধারি কিশোর গ্যাং সদস্য জমজ ভাই শান্ত, প্রান্ত ও তাদের সহযোগী মারুফ, ইমনসহ অজ্ঞাত ১০-১২ জন হাবিবুরের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা হাবিবুরকে বেধড়ক মারধরসহ মাথায় কেচি ও চাপাতি দিয়ে কোপায়। এতে সে গুরুতর জখম হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, দুর্বৃত্তরা সাবেক ছাত্রদল নেতা হাবিবুরকে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করেছে এমন খবর পেয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।