বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের শেষ মুহূর্তের দুর্দান্ত গোলে কলম্বিয়ার বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলার জন্য জয় ছাড়া বিকল্প না থাকা সেলেসাওরা বাংলাদেশ সময় শনিবার (২১ মার্চ) সকালে ব্রাসিলিয়ার গারিঞ্চা স্টেডিয়ামে কলম্বিয়াকে ২-১ ব‍্যবধানে হারিয়েছে।

৯৮ মিনিট পর্যন্ত ম্যাচ সমতায় থাকলেও অরিরিক্ত সময়ের ৯৯তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত গোলে কষ্টার্জিত তিন পয়েন্ট নিশ্চিত করে দোরিভাল জুনিয়রের দল।

এই জয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার দুইয়ে উঠে আসল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ১৩ ম্যাচে ব্রাজিলের পয়েন্ট এখন ২১ এবং ম্যাচ হারার ফলে কলম্বিয়া নেমে গেছে ৬ নম্বরে। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ১৯।

বিআরবি গারিঞ্চা স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল। বক্সের মধ্যে ভিনিসিয়াস জুনিয়রকে ফাউল করায় পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পটকিক থেকে গোল করে দলকে লিড এনে দেন দুর্দান্ত ফর্মে থাকা বার্সেলোনা তারকা রাফিনহা। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ব্রাজিল। ৪১ মিনিটে লুইস দিয়াজের দারুণ এক ফিনিশিংয়ে সমতায় ফেরে কলম্বিয়া। ১-১ স্কোরলাইনে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে দু’দলের খেলায় ছিল ছন্দহীনতা, সুযোগ তৈরির অভাব। ম্যাচ তখন এগিয়ে যাচ্ছিল ড্রয়ের দিকে। রেফারি নির্ধারিত সময় শেষে যোগ করেন আরও ১০ মিনিট। গারিঞ্চা স্টেডিয়ামের দর্শকরাও যখন হতাশা নিয়ে বাড়ি ফেরার অপেক্ষায় তখনই জ্বলে উঠলেন ভিনিসিয়াস জুনিয়র। শেষ বাঁশি বাজার এক মিনিট আগে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে বলে জাল জড়ান এই রিয়াল মাদ্রিদ তারকা।

২৬ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যে এই জয় বড় প্রাপ্তি ব্রাজিলের জন্য।