নির্বাচনের পর ধীরে ধীরে প্রকাশ্যে আসছেন বিএনপি নেতারা। তারা দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিএনপির বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নয়াপল্টনে একটি কর্মসূচিতে অংশ নেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর জামিন নিয়ে অন্য নেতারাও সামনে আসছেন।

বৃহস্পতিবার বিকালে নয়াপল্টনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেন তিনি। গত বছরের ২৮ অক্টোবর সংঘর্ষের পর থেকে আত্মগোপনে যান গয়েশ্বর। বুধবার খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে গুলশানে দোয়া মাহফিলে অংশ নেন গয়েশ্বর।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে তিনি বলেন, দমন-পীড়ন করে বিএনপির আন্দোলন দমানো যাবে না। সরকার আর বেশি দিন থাকতে পারবে না। শুধু দেশের জনগণ নয়, গণতান্ত্রিক বিশ্বও ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করেছে। গয়েশ্বর রায় বলেন, বাংলাদেশের মালিক ভারত, চীন, আর রাশিয়া নয়। তারা কি বললো- এতে বাংলাদেশের জনগণের কিছু আসে যায় না। দেশে দিন দিন গরীবের সংখ্যা বাড়ছে। অন্যদিকে জনগণের টাকা বিদেশে পাচার করা হচ্ছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদের পাশাপাশি কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামীকাল শনিবার ঢাকায় কালো পতাকা মিছিল করবে বিএনপি। এ তথ্য জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে, এই সংসদ ভেঙে দেওয়া, বিএনপির চেয়ারপারমন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে শনিবার দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিল শুরু হবে। তিনি বলেন, আমরা চিঠি দিয়েছি। আমাদের মৌখিকভাবে অনুমতি দেওয়া হয়েছে। রিজভী জানান, ঢাকা বাদে যেসমস্ত জেলাগুলোর সঙ্গে মহানগর আছে, সেগুলো একসঙ্গে কর্মসূচি পালন করা হবে শনিবারে। এর আগে ২১ জানুয়ারি নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন রুহুল কবির রিজভী।

ঢাকা মহানগরের নেতারা জানান, ভোটের পর প্রথম কর্মসূচি কালো পতাকা মিছিল কর্মসূচি নিয়ে তাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। কর্মীদের সঙ্গে প্রথম সারির নেতারাও মাঠে থাকবেন। ৭ জানুয়ারির এক তরফা নির্বাচনের জন্য সরকারকে কালো পতাকা দেখাবেন। এই কর্মসূচি শেষে ৩০ জানুয়ারি বিক্ষোভ সমাবেশের ডাক আসতে পারে। ৩০ জানুয়ারি জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এই দিনে বিএনপি জোরালো প্রতিবাদ দেখাতে চায়। মধ্যম সারির এমন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি আবারও মাঠে চাঙ্গা হতে চায়। সারাদেশে কার্যালয়কেন্দ্রীক কর্মসূচি দিয়ে পরিস্থতি স্বাভাবিক করার পরিকল্পনা দলটির। সরকারের মনোভাব দেখে পরবর্তী করণীয় ঠিক করতে চায় বিএনপি।

এদিকে দলের কারাবন্দি নেতাদের খোঁজ নিতে বাসায় যাচ্ছেন বিএনপির সিনিয়র নেতারা। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় যান স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় যান নজরুল ইসলাম খান ও বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এছাড়া স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান যান কারাবন্দি যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বাসায়।