প্রতিটি জন্মদিনই মানুষের জীবনে নতুন ভোরের গল্প নিয়ে হাজির হয়। মানুষ আনন্দ আর শুভকামনায় ভরে তুলে সে দিনটি। সে দিনটি যদি হয় বিশেষ কোনো ব্যক্তির, তাহলে তো আনন্দ, শুভকামনা ও আয়োজনের কমতি থাকে না। বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার সাকিব আল হাসানের জন্মদিন ছিল আজ। অন্যান্য জন্মদিনের মতো এবারের জন্মদিনটি আনন্দে কাটেনি তার। হার্ট অ‍্যাটাকে হাসপাতালে ভর্তি বন্ধু ও সতীর্থ তামিম ইকবালের জন্য মন পুড়েছে। বেদনায় কেঁদে উঠেছে ভেতরাত্মা। চেয়েছেন তার জন্য দোয়া। ফেসবুকে তামিমের সুস্থতা কামনা করে একটি পোস্ট দিয়েছেন সাকিব।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সাকিব লিখেছেন, ‘আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরো দীর্ঘ হোক।’

সাকিব লেখেন, ‘তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।’

তিনি আরও লেখেন, ‘তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার। দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে!’

প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করে হাসপাতালে ভর্তি হয়েছেন তামিম ইকবাল। তার হার্টে একটি ব্লক ধরা পড়ায় জরুরি ভিত্তিতে অ্যানজিওগ্রাম ও স্টেন্ট পরানো হয়েছে। বর্তমানে তিনি সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।