র‌্যাবের বিশেষ অভিযানে ট্রেনের টিকিট কালোবাজারি চক্র উত্তম ও সেলিম সিন্ডিকেটের মূলহোতাসহ ১৪ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে অবৈধভাবে সংগ্রহ ও মজুতকৃত ১২’শর বেশি ট্রেনের টিকিট জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-৩।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর এলাকায় ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টিকিট কালোবাজারি চক্র উত্তম ও সেলিম সিন্ডিকেটের মূলহোতাসহ ১৪ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অবৈধভাবে সংগ্রহ ও মজুতকৃত ১২’শর বেশি ট্রেনের টিকেট উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান কমান্ডার মঈন।

এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর ঢাকা ও কক্সবাজারের মধ্যে চলাচলকারী বিরতিহীন ট্রেন কক্সবাজার এক্সপ্রেসের টিকিট কালোবাজারির অভিযোগ তদন্তে র‍্যাবকে নির্দেশ দিয়েছিলেন আদালত। কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত স্বপ্রণোদিত মামলা দায়ের করে র‌্যাব-১৫কে তদন্তের নির্দেশ দেন।

মামলার আবেদনে বলা হয়, কক্সবাজার এক্সপ্রেসের টিকিট কালোবাজারি হচ্ছে বলে সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদে বলা হয়েছে একটি সিন্ডিকেট টিকিট বাগিয়ে নেওয়ায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। যা ফৌজদারি কার্যবিধিতে আমলযোগ্য।