রাজধানীর যাত্রাবাড়ি দয়াগঞ্জ এলাকার ভাড়া বাসার সামনে থেকে হুমায়ুন কবির (৪০) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গাড়ি চালক ছিলেন।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরের দিকে যাত্রাবাড়ি দয়াগঞ্জ বটতলা এলাকায় বাসার সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ কনস্টেবল হুমায়ুন কবিরের মরদেহ বাসার সামনে শায়িত অবস্থায় পাওয়া যায়। তার গলায় দাগ আছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, হুমায়ুন কবির মেট্রোপলিটন পুলিশের এমটি সেকশনে চালক পদে কর্মরত ছিল। দয়াগঞ্জে স্ত্রী ছালমা ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতো। ঘটনার বিস্তারিত জানতে হুমায়ুন কবিরের স্ত্রী ছালমাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হবে।

মৃত হুমায়ুনের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়। বাবর নাম মৃত সিরাজ হাওলাদার।