অবশেষে কেটে গেল দীর্ঘ প্রতীক্ষার প্রহর। মঞ্চ তৈরি, আলো জ্বলে উঠেছে, আর ঠিক তখনই প্রবেশ করলেন কার্লো আনচেলত্তি-ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ। আর এসেই প্রথম কাজ হিসেবে যা করলেন, তা যেন ফুটবলবিশ্বে নতুন এক ঝড় তুলেছে। বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করলেন এই ইতালিয়ান কোচ। তবে ঘোষণার তালিকায় সবচেয়ে বড় চমক? নেইমার নেই!

শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। দলের প্রাণভোমরা, ফুটবলের রাজপুত্র নেইমার জুনিয়রকে স্কোয়াডের বাইরে রেখেছেন আনচেলত্তি। এমন সিদ্ধান্তে বিস্মিত শুধু ভক্তরাই নন, হতবাক ফুটবলবোদ্ধারাও।

ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে এই দল ঘোষণা করা হয়েছে। তাতে জায়গা পেয়েছেন কাসেমিরো, ব্রুনো গিমারাইস, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, রিচার্লিসনের মতো তারকারা। তবে এর পাশাপাশি দলে ঠাঁই পেয়েছে বেশ কয়েকজন নতুন মুখও।

নেইমার ছাড়াও বাদ পড়েছেন কিছু অভিজ্ঞ নাম, যাদের অনুপস্থিতিও ভক্তদের ভাবাচ্ছে। চলতি বছর ব্রাজিলের সামনে ১০টি ম্যাচ-চারটি বিশ্বকাপ বাছাইপর্বে আর ছয়টি প্রীতি ম্যাচ। যদিও ফ্রেন্ডলি ম্যাচগুলোর সূচি এখনও চূড়ান্ত হয়নি, তবে আনচেলত্তির সামনে যথেষ্ট সময় রয়েছে একটি শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ স্কোয়াড গড়ার।

তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন-আনচেলত্তির ব্রাজিল আসলে কেমন হবে? তার কোচিং দর্শন, স্কোয়াডের নতুন রসায়ন এবং মাঠে দলের ছন্দই বলে দেবে ব্রাজিলের ভবিষ্যৎ কীভাবে রচিত হচ্ছে। আর সেই উত্তরের খোঁজ শুরু হচ্ছে ব্রাজিল বনাম ইকুয়েডর ম্যাচ দিয়েই।