সময়ের দুই সেরা ফুটবল তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবল মাঠে তাদের ঝড় চলছে। ইউরোপীয় ক্লাব ফুটবলে সম্ভাব্য সব অর্জন শেষে এখন ক্যারিয়ারের শেষ পর্যায়ে তারা দুজনেই।
বর্তমানে লিওনেল মেসি খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির হয়ে, আর রোনালদো খেলছেন সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে।
বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল প্রেমী একসঙ্গে এই দুই তারকাকে মাঠে একসাথে দেখতে চান। কিন্তু এটি কি সম্ভব? কারণ অধিকাংশ সময় তারা একে অপরের বিপরীত দলের হয়ে খেলেছেন, বিশেষ করে স্প্যানিশ লা লিগায় মেসি-রোনালদোর দ্বৈরথ ফুটবলকে নতুন মাত্রা দিয়েছিল।
তবে ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএনের বিশ্লেষক ও প্রাক্তন ফুটবলার হারকিউলেজ গোমেজ মনে করেন, মেসি ও রোনালদোর আবারও একই লিগে খেলার সম্ভাবনা রয়েছে।
গোমেজ বলেন, ‘আগে কেউই ভাবতে পারতেন মেসি এমএলএসে আসবে? ইন্টার মায়ামি তাকে অংশীদারিত্বের প্রস্তাব দিয়ে দলে নিয়েছে। একই রকম প্রস্তাব রোনালদোকেও এমএলএসে আসার জন্য প্রলুব্ধ করতে পারে।’
এদিকে, রোনালদো আল-নাসরের সঙ্গে তার চুক্তি নবায়ন করেননি বলে খবর। গুঞ্জন রয়েছে তিনি ক্লাব ছাড়তে চাইছেন। এর অবশ্য যৌক্তিক কারণও আছে। চলতি বছর অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ, যেখানে জায়গা হয়নি রোনালদোর বর্তমান ক্লাব আল-নাসরের। ফলে রোনালদো চাইছেন এমন কোনো ক্লাবে যেতে যারা এই টুর্নামেন্টে অংশ নেবে।
গুঞ্জন আছে, মেজর লিগ সকারের ক্লাব স্পোটিং কানসাস সিটিতে আগামী মৌসুমে যোগ দেবেন রোনালদো। এনিয়ে দলটির কাছ থেকে একাধিক আর্থিক প্রস্তাব পেয়েছেন তিনি। শেষ পর্যন্ত যদি কানসাসে রোনালদো যোগ দেন, তবে আবারও দেখা যাবে মেসি-রোনালদো দ্বৈরথ।


মন্তব্য করুন