ঢাকার কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের বাইপাস রোডের (ঝিলমিল আবাসন সংলগ্ন)নতুন রাস্তা এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে সিএনজি চালকসহ তিনজন আহত হয়েছেন। বুধবার (২ জুলাই ) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহত সিএনজি চালকের সঙ্গে কথা বলে জানা যায়, পিকআপ ভ্যানটি দ্রুতগতিতে এসে সিএনজির ডান পাশের যাত্রীদের ওপর আঘাত করে। এতে এক যাত্রীর পা ভেঙে যায় এবং চালকসহ আরও দুইজন আহত হন। আহতদের মিডফোর্ড হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করে বলেন, এই এলাকায় সড়কের ল্যাম্পপোস্টগুলো দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় রাতের অন্ধকারে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে তারা পর্যাপ্ত আলোর অভাব ও বেপরোয়া গতি নিয়ন্ত্রণের ঘাটতিকে দায়ী করেন।
স্থানীয়রা দ্রুত সড়ক বাতিগুলো সচল করা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।


মন্তব্য করুন