বর্ষার মৌসুম আসলেই দেশে ডেঙ্গুতে সংক্রমণ এবং মৃত্যু বেড়ে যায়। আর এই সংক্রমণ ঠেকাতে পরিষ্কার পরিচ্ছন্নতায় সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকেও সচেতন হতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকসুদ জিহাদী।
শনিবার (৫ জুলাই) সকালে রাজধানীর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক ও এর আশপাশের এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মাশুক নিধান অভিযানে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি প্রয়োজন জনগণের অংশগ্রহণ। ‘মশার প্রতিরোধমূলক পদ্ধতি হিসেবে মশা নির্মূলে সরকারের ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি, ডাক্তার, এনজিও কর্মীদের সম্পৃক্ত করা হচ্ছে। শহরকে আবর্জনা মুক্ত করতে এ ধরনের অভিযান প্রতিনিয়ত চালানো হবে।’
বাহাদুর শাহ পার্কে হাটতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন,আমরা চাই পুরান ঢাকায় এরকম মশা নিধোক কীটনাশক প্রয়োগ ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম সবসময় অব্যাহত থাকুক। কেননা সাম্প্রতিক সময়ে আমাদের এলাকায় ডেঙ্গু প্রকোপ বেড়ে গেছে। তাই আজকে যেভাবে পরিচ্ছন্নতা কর্মীদের উপস্থিতি ও কার্যক্রম দেখলাম এরকম যেনো প্রতি নিয়ত বিদ্যমান থাকে। এজন্য সিটি কর্পোরেশন থেকে মনিটরিং টিম গঠনের দাবি করেন।
এছাড়াও নগরবাসীকে ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে যার যার বাসার আঙিনা ও আশেপাশে যেন পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাজাহান মিয়া।
তিনি বলেন, ‘সিটি কর্পোরেশনের নিয়মিত মশক নিধন কার্যক্রমে গতি বাড়াতে পরিছন্নতা কর্মীদের কাজ নজরদারি করতে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে।’
পরিচ্ছন্নতা অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ সকল বিভাগীয় প্রধান এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য অভিযানের অংশ হিসেবে ডিএসসিসির অঞ্চল-০৪ সকল ওয়ার্ড এলাকায় ড্রেন, নর্দমা ও ফুটপাতের ময়লা পরিষ্কার ও মশার ঔষধ প্রয়োগ করা হয়। এছাড়া, জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে জনসচেতনতামূলক একটি র্যালিও অনুষ্ঠিত হয়।


মন্তব্য করুন