দক্ষিণ কেরানীগঞ্জে থানায় সালিশ মীমাংসা শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন তাজুল ইসলাম (৫০) নামে এক কুয়েতপ্রবাসী। পরে রাতে ঝিলমিল আবাসিক প্রকল্পের পাশের রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
‎
‎নিহত তাজুল ইসলাম রাজেন্দ্রপুর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে কুয়েতে কর্মরত ছিলেন। আগামী ১০ জুলাই তার কুয়েতে ফিরে যাওয়ার কথা ছিল।
‎
‎ঘটনার সূত্রপাত হয় সোমবার, হাসনাবাদ এলাকায় তাজুলের জামাতা সবুজ মোল্লার নির্মাণাধীন ভবন থেকে দুটি মোবাইল ফোন চুরি যাওয়াকে কেন্দ্র করে। এতে সন্দেহভাজন দুই শ্রমিককে মারধর করেন তাজুল ও তার জামাতা। পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
‎
‎পরে সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এসআই মঞ্জুরের উপস্থিতিতে বিষয়টির মীমাংসা হয়। থানা থেকে বের হওয়ার পর সবুজ তেঘরিয়া স্ট্যান্ডে নেমে গেলেও তাজুল রাজেন্দ্রপুরের পথে রওনা দেন। এর পর তিনি আর বাসায় ফেরেননি।
‎
‎পরিবার খোঁজাখুঁজি করে মধ্যরাতে ঝিলমিলের পাশে রাস্তা থেকে তার লাশ উদ্ধার করে।
‎
‎দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সৈয়দ আকতার হোসেন বলেন, “নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। মানিব্যাগে টাকা ছিল, তবে মোবাইলটি নিখোঁজ। মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।”