চাঁদাবাজির মামলায় পলাতক আসামী মোঃ তাইজুল ইসলাম (৩৫)-কে দক্ষিণ কেরাণীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

র‍্যাব সূত্র জানায়, গত ১২ এপ্রিল ২০২৫ তারিখ সন্ধ্যায় ভাঙ্গারী ব্যবসায়ী মোঃ এমরান হাওলাদারকে ভাঙারী মালামালের প্রলোভন দেখিয়ে নিজের বাসায় ডেকে এনে আটক করে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে আসামী তাইজুল। এ সময় ভিকটিমের কাছে থাকা ৫০ হাজার টাকা ও একটি স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়া হয়। পরবর্তীতে ভিকটিমের ভগ্নিপতির কাছ থেকে বিকাশে আরও ৫ হাজার টাকা নেয়া হয়।

ঘটনার খবর পেয়ে কদমতলী থানার পুলিশ অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার এবং অপর আসামী মোঃ অমিত (২৮)-কে গ্রেফতার করে। এ ঘটনায় কদমতলী থানায় মামলা দায়ের করা হয়।

র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৮ জুলাই ২০২৫ তারিখ বিকেলে হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামী তাইজুল ইসলামকে গ্রেফতার করে। পরবর্তীতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।