কেরানীগঞ্জ উপজেলার বাঘৈর হাইস্কুলে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ভয়াবহ বিপর্যয় ঘটেছে। বিদ্যালয়টির ১২০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৪৫ জন। পাসের হার মাত্র ৩৭.৫০ শতাংশ, যা উপজেলায় সবচেয়ে কম। ফেল করেছে ৭৫ জন শিক্ষার্থী।

বিভাগভিত্তিক ফলাফল বিশ্লেষণ:
• মানবিক বিভাগ: পাস ১৯, ফেল ৫৪
• বিজ্ঞান বিভাগ: পাস ১১, ফেল ১৫
• ব্যবসায় শিক্ষা বিভাগ: পাস ১৫, ফেল ৭

এই বিপর্যয়কর ফলাফলের পর শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করছেন, বিদ্যালয়ের শিক্ষার মান ধ্বংসের পেছনে রয়েছে একটি প্রভাবশালী ‘সিন্ডিকেট’।

স্থানীয়দের দাবি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মনসুর আহমেদ ও তার মেয়ে তাসলিমা আক্তার-এর নেতৃত্বে একটি ‘সিন্ডিকেট’ দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষাগত পরিবেশ নিয়ন্ত্রণ করে আসছে।

তাসলিমা আক্তার স্কুলের অফিস সহকারী পদে কর্মরত থাকলেও অভিযোগ রয়েছে, তিনি বিদ্যালয়ের অভ্যন্তরীণ সব কার্যক্রমে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ করে থাকেন। স্থানীয়দের আরও অভিযোগ, তাসলিমার স্বামীও কোচিং ব্যবসায় জড়িত, এবং শিক্ষক-শিক্ষার্থীদের ওপর প্রভাব খাটান। এতে স্কুলের শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।

অভিভাবকদের ক্ষোভ এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন,

“আমরা সন্তানদের শিক্ষার জন্য স্কুলে পাঠাই, কিন্তু এখানে চলছে পরিবারতন্ত্র। আমরা চাই সুষ্ঠু পরিবেশ, কিন্তু সিন্ডিকেটের কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে।”

অভিভাবকরা স্থানীয় শিক্ষা প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক আবুল মনসুর আহমেদ-এর বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া সম্ভব হয়নি।