র্যাব-১০ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধলেশ্বরী টোল প্লাজা এলাকা থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গতকাল ১১ জুলাই রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনুমানিক এক লাখ পঞ্চাশ হাজার টাকা মূল্যের ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আল আমিন হোসেন (২৫)। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া থানার বয়ারডাঙ্গা গ্রামের মৃত মনসুর আলী গাজীর ছেলে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আল আমিন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


মন্তব্য করুন