বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (প্রায় ৬৫) ভাসমান মরদেহ উদ্ধার করেছে বসিলা নৌ পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে রাজধানীর হাজারীবাগ থানাধীন শিকদার মেডিকেল বরাবর নদীর মাঝ বরাবর লাশটি উদ্ধার করা হয়।

বসিলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আরমান হোসেন জানান, “নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা লাশটি উদ্ধার করি। নিহত ব্যক্তির পড়নে ছিল কেবল একটি লুঙ্গি; গায়ে কোনো জামা ছিল না।”

সুরতহাল প্রতিবেদনে জানা যায়, মৃত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে পিবিআই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে।

ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।