পাকিস্তানই হোক কিংবা বিশ্বের অন্য কোনো দল—টি-টোয়েন্টি ক্রিকেটে সবাইকে হারানোর সামর্থ্য আছে বাংলাদেশের। এমনটাই মনে করছেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। শনিবার (২০ জুলাই) থেকে মিরপুরে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে এক সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসের সাথে এ কথা বলেন তিনি।
লিটন বলেন, ‘যখন পাকিস্তানে খেলতে গিয়েছিলাম, সেখানেও একই চিন্তা ছিল—জেতার জন্য খেলব। দুর্ভাগ্যজনকভাবে জিততে পারিনি, কিছু ভুল ছিল। তবে শ্রীলঙ্কা সিরিজে খুব ভালোভাবে কামব্যাক করেছি। প্রত্যেক খেলোয়াড়ের মধ্যে এখন আত্মবিশ্বাস তৈরি হয়েছে।’
তবে আত্মবিশ্বাসকে যথাযথভাবে কাজে লাগাতে মাঠের বাস্তবতা ভুলে গেলে চলবে না—সেই কথাও স্মরণ করিয়ে দেন লিটন। তিনি বলেন, ‘এটা ভিন্ন কন্ডিশন, ভিন্ন প্রতিপক্ষ। আত্মবিশ্বাস অবশ্যই সাহায্য করবে, তবে সবচেয়ে জরুরি হলো মনোযোগ ধরে রাখা।’
এখন প্রশ্ন উঠতেই পারে, স্বাগতিক হিসেবে বাংলাদেশ এগিয়ে থাকবে। এ প্রশ্নের উত্তরও অবশ্য দিয়েছেন লিটন। তিনি বলেন, ‘হোম কন্ডিশন বলেই যে আমরাই ভালো ক্রিকেট খেলব, বিষয়টা এমন নয়। পাকিস্তান ভালো দল। ওদের অনেক খেলোয়াড় বিপিএলে খেলেছে, বাংলাদেশের কন্ডিশন সম্পর্কে ধারণা রাখে।’
পাকিস্তানি ক্রিকেটাররা বিপিএলে নিয়মিত খেলার সুবাদে বাংলাদেশের উইকেট এবং পরিবেশ সম্পর্কে যেমন জানেন, তেমনি তারাও হয়ে উঠেছেন বাংলাদেশি ক্রিকেটারদের পরিচিত মুখ।
লিটন বলেন, ‘এটা খুব ভালো দিক। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় মজাই হলো, আপনি বিশ্বের সব প্রান্তের ক্রিকেটারের সঙ্গে খেলার সুযোগ পান। বন্ধুত্ব তৈরি হয়, কাছ থেকে জানার সুযোগ মেলে।’
তিনি আরও যোগ করেন, ‘শুধু জাতীয় দলে আটকে থাকলে আপনি বাইরের ক্রিকেটারদের সম্পর্কে জানতেই পারবেন না। ড্রেসিংরুম শেয়ার করতে পারবেন না। আমার মনে হয়, বিপিএলে পাওয়া অভিজ্ঞতা দুই দলের জন্যই কাজে আসবে।’
উল্লেখ্য, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে শনিবার (২০ জুলাই)। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ২২ ও ২৪ জুলাই।


মন্তব্য করুন