ঢাকার কেরানীগঞ্জের দড়িগাঁও বাজারে একটি পাইকারি দোকানে ডাকাতির ঘটনায় ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। সাভার, আশুলিয়া ও গাজীপুরে একাধিক অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—সাগর হোসেন, জাহিদ, হৃদয়, রাসেল, নাঈম ও হাবিব। তাদের কাছ থেকে লুটকৃত একটি ল্যাপটপ, একটি এলইডি টিভি ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২০ জুলাই গভীর রাতে দড়িগাঁও বাজারে ব্যবসায়ী কেরামত আলীর দোকানে ১০-১২ জনের একটি ডাকাতদল তালা ভেঙে প্রবেশ করে মালামাল লুট করে। ঘটনার পরপরই কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
তথ্যপ্রযুক্তির সহায়তায় চালানো অভিযানে মাত্র কয়েক দিনের ব্যবধানে ছয় ডাকাতকে গ্রেফতার করা সম্ভব হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য বলে স্বীকার করেছে। এদের কয়েকজনের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম। তিনি জানান, চক্রটির বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


মন্তব্য করুন