ইংল্যান্ডে জন্ম, চেলসি যুব দল থেকে শুরু, আর এখন ফুলহ্যাম একাডেমির প্রতিশ্রুতিশীল উইঙ্গার—তরুণ ফুটবলার ফারহান আলী ওয়াহিদ এর পথচলা সত্যিই অনুপ্রেরণাদায়ী। ২০০৬ সালের ৯ ডিসেম্বর জন্ম নেওয়া ফারহান বর্তমানে ফুলহ্যামের হয়ে বাম উইঙ্গার হিসেবে খেলছেন।

২০১৯ সালে চেলসি থেকে ফুলহ্যামে যোগ দিয়ে একাডেমির প্রতিটি ধাপে নিজেকে প্রমাণ করেছেন। ২০২২ সালে FA ইয়ুথ কাপে অভিষেক, ২০২৩ সালে স্কলারশিপ চুক্তি এবং ২০২৪ সালে অনূর্ধ্ব-২১ দলে প্রথম গোল—সব মিলিয়ে তার অগ্রগতি নজরকাড়া।

২০২৩–২৪ মৌসুমে ফুলহ্যাম U18 দলে ২৮ ম্যাচে ৫ গোল এবং ২০২৪–২৫ মৌসুমে এখন পর্যন্ত ২১ ম্যাচে ৬ গোল করেছেন। অনূর্ধ্ব-২১ দলে অভিষেকের বছরেই গোলও পেয়েছেন এই তরুণ।

২৩ জুলাই ২০২৫ তারিখে ফারহান ফুলহ্যামের সঙ্গে নিজের প্রথম পেশাদার চুক্তি স্বাক্ষর করেন। চুক্তির পর নিজের অনুভূতি প্রকাশ করে ফারহান বলেন:

> “এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। ছোটবেলা থেকে যার জন্য কাজ করে যাচ্ছি, সেই স্বপ্ন আজ সত্যি হলো। ফুলহ্যামে আমার যাত্রা ছিল রোলার কোস্টারের মতো। সতীর্থরা আমাকে সব সময় সাদরে গ্রহণ করেছে।”

“আমার পরিবার সব সময় পাশে থেকেছে, অনেক ত্যাগ স্বীকার করেছে। তাদের সমর্থন ছাড়া আজকের জায়গায় পৌঁছানো সম্ভব হতো না।”

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৫ দলে খেলা এই ফুটবলারের বাংলাদেশি বংশদ্ভূত পরিচয় দেশের ফুটবলপ্রেমীদের জন্য বাড়তি আশার নাম। ভবিষ্যতে যদি তিনি বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে চাপান, সেটি হবে দেশের জন্য গর্বের এক অধ্যায়।