রাজধানীর পুরান ঢাকা সহ বিভিন্ন বাজারে বর্তমানে পানের চেয়ে সুপারির দাম আকাশচুম্বী হওয়ায় বিপাকে পড়েছেন পান বিক্রেতারা। আগে যেখানে একটি পান বিক্রি করে কিছুটা লাভ থাকত, এখন তা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। পানের দাম স্থির থাকলেও সুপারির মূল্য দ্বিগুণ বেড়ে যাওয়ায় লোকসান গুনছেন ব্যবসায়ীরা।

পুরান ঢাকার বাবুবাজার, নয়াবাজার ও রায়সাহেব বাজার সরেজমিনে ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি কেজি সুপারি বিক্রি হচ্ছে ৪০০-৪৫০ টাকায়, যা গত মাসেও ছিল ২০০-২৫০ টাকার মধ্যে। অন্যদিকে ১ বিরা বা ১০০ পাতা পান বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকায়। কিন্তু সুপারির দাম বেশি হওয়ায় খুচরা পান বিক্রি করে লাভের চেয়ে লোকসান গুনতে হচ্ছে।

কদমতুলি মডেল টাউনের পান বিক্রেতা ফুলজান (৪৫) বিবি বলেন ,“সুপারির দাম এত বেড়েছে যে, পান বানিয়ে লাভ হচ্ছে না  অনেকেই পান কিনছে না আগের মতো। দিনে যে বিক্রি হতো ৩০০-৪০০ টাকা, এখন তা ১০০-১৫০ টাকাও হয় না।”

বাবুবাজার ব্রীজের সীড়ির নিচে আরেক খুচরা পান বিক্রেতা  আব্দুল জলিল(৪৭) বলেন আগে আমরা একটা পান ৫ টাকা বিক্রি করলেও লাভ হতো। কিন্তু সুপারির দাম বৃদ্ধি পাওয়ায় ৭টাকা বিক্রি করলেও তেমন লাভ হচ্ছে না। বেশি দামে বিক্রি করলে ক্রেতারা আবার নানা কথা শোনান। তারা তো জানে না একটা পানের সাথে কতো কিছু লাগে। আগে প্রতিদিন যেখানে ১০০০ টাকা আয় করতাম এখন ৫০০ টাকা আয় করতে কষ্ট হচ্ছে।

ভোক্তারা বলছেন, পান খাওয়ার খরচ বেড়ে যাওয়ায় তারা ধীরে ধীরে অভ্যাস পরিবর্তন করছেন। নয়াবাজারের এক ক্রেতা সবুজ ফকীর (৩২) জানান,“আগে প্রতিদিন ৫-৬টা পান খেতাম। এখন দুটো খেয়ে বাদ দিই, কারণ দামই বেশি।”

আনোয়ারা বেগম (৫২) নামের এক মহিলা জানান পানের দাম আগের তুলনায় খুবই কম কিন্তু সুপারি কিনতে অনেক টাকা লাগে।তাতে কি পান খাওয়া বন্ধ হয়। একবেলা খাবার না খেলেও চলে কিন্তু পান খাওয়া কমিয়ে দেওয়া সম্ভব নয়।

রায়সাহেব বাজারের পান সুপারি ও জর্দা দোকানদার শাকিল মিয়া (৩৫) বলেন এখন বাজারে ১ বিরা পানের দাম ৫০/৬০ টাকা হলেও বাজারে সুপারির দাম বেশি। প্রতি হালি সুপারির দাম ৩৫ টাকা। এছাড়া একটা খুচরা পানের সাথে চুন, জর্দা তো আছে। এজন্য খুচরা পান বিক্রেতারা খুব কম পান কিনছেন। আগে যেখানে আমার দোকানে দৈনিক ১০০ বিরার অধিক পান বিক্রি হতো এখন তা কমে ৫০ বিরা বিক্রি করতে কষ্ট হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, কৃষিপণ্য পরিবহনে ব্যয় বৃদ্ধি, পরিবেশগত প্রভাব এবং সরবরাহ সংকটের কারণে এই মূল্যবৃদ্ধি হয়েছে। তারা মনে করছেন, এভাবে চলতে থাকলে ছোটখাটো পান ব্যবসায়ীরা ধ্বংসের মুখে পড়বে।