কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি, তারানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং কেরানীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ মনির হোসেন মিনু আর নেই। বৃহস্পতিবার (২৪ জুলাই) তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে কেরানীগঞ্জ ও ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মনির হোসেন মিনু কেরানীগঞ্জের রাজনীতিতে এক জনপ্রিয় ও অভিজ্ঞ নেতা হিসেবে পরিচিত ছিলেন। দলীয় সংগঠনের পাশাপাশি তিনি তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে এলাকাবাসীর আস্থার প্রতীক হয়ে ওঠেন। বিএনপির প্রতিটি আন্দোলন-সংগ্রামে তাঁর দৃপ্ত নেতৃত্ব স্মরণীয় হয়ে থাকবে।

মরহুমের নামাজে জানাজা শুক্রবার রাত ৯টায় তারানগর ইউনিয়নের আটি ভাওয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের মানুষজন অংশগ্রহণ করেন।

কেরানীগঞ্জ বিএনপি এবং ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীরা তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এক শোকবার্তায় বলেন—

“বর্ষীয়ান রাজনীতিবিদ মো. মনির হোসেন মিনুর মৃত্যুতে আমরা একজন অভিভাবকতুল্য নেতাকে হারালাম। তিনি ছিলেন দলের দুঃসময়ে সাহসী নেতৃত্বের প্রতীক। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”