ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত “ডিসি গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর ফাইনাল ম্যাচে কেরানীগঞ্জ উপজেলা দল ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে ধামরাই।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয় বিকেল সাড়ে তিনটায়, এই জমজমাট ফাইনাল ম্যাচে দু’দলের মধ্যে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই।

খেলায় প্রথমার্ধে কেরানীগঞ্জের হয়ে গোল করেন হিমেল। দ্বিতীয়ার্ধে ধামরাই সমতায় ফিরে এলেও শেষ মুহূর্তে সিফাত আহমেদ শান্ত গোল করে কেরানীগঞ্জের জয় নিশ্চিত হয়।

কেরানীগঞ্জ দলের  হিমেল এবারের ডিসি গোল্ডকাপ ফুটবল ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ এবং টুর্নামেন্টসেরা খেলোয়াড় নির্বাচিত হন।টুর্নামেন্টের সেরা গোলদাতা  সিফাত আহমেদ শান্ত এবং সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন কেরানীগঞ্জ দলের সোহান।

পুরস্কার বিতরণি অনুষ্ঠানে ঢাকা জেলার প্রশাসক জনাব তানভীর আহমেদ সৈকত, ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে ইমেইলকে ৩ হাজার টাকা পুরস্কার এবং টুর্নামেন্ট সেরা খেলোয়ার হিসেবে হিমেলকে পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা এবং টুর্নামেন্ট সেরা গোলরক্ষক সোহানকে পুরস্কার হিসেবে ৩ হাজার টাকা এবং শান্তকে পুরস্কার হিসেবে ৩ হাজার টাকা প্রদান করেন।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব তানভীর আহমেদ সৈকত। তিনি বিজয়ী কেরানীগঞ্জ দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানারআপ ধামরাই দলের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক, ঢাকা জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র,কেরানীগঞ্জ যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন নাহার,ধামরাই যুব উন্নয়ন কর্মকর্তা ইসলাম আল হাসিব সহ আরও অনেকে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক তানভীর আহমেদ সৈকত বলেন, আমরা চেয়েছিলাম ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায়ে এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করতে। তবে সময়ের স্বল্পতার কারণে এবারের আসর আমরা জেলা পর্যায়েই সীমাবদ্ধ রাখতে বাধ্য হয়েছি। ভবিষ্যতে আমরা পরিকল্পনা করেছি ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে ধাপে ধাপে এই খেলাধুলার পরিসর আরও বিস্তৃত করব।

আমরা চাই, তরুণরা খেলাধুলার মাধ্যমে নিজেদের গঠন করুক এবং অন্য কোনো অনৈতিক কর্মকাণ্ড বা সমস্যায় না জড়িয়ে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখুক। খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি চরিত্র গঠন ও জাতি গঠনেরও একটি শক্তিশালী মাধ্যম।”

এই টুর্নামেন্টের মধ্য দিয়ে জেলা পর্যায়ে ক্রীড়ার প্রসার ও উপজেলা পর্যায়ের প্রতিভা বিকাশের একটি সুন্দর উদাহরণ স্থাপিত হলো।