এক সময়কার পরিচ্ছন্ন স্রোতের ধারা আজ শুধুই স্মৃতি। রাজধানী ঢাকার পুরান এলাকার ঐতিহাসিক স্থান ধোলাইপাড়—নামে এখনও বেঁচে থাকলেও, ‘ধোলাই’ বা ‘ধোয়ার’ সেই চিরচেনা জলধারা আজ আর নেই। নাগরিক অগ্রগতি ও অপরিকল্পিত নগরায়নের চাপে চাপা পড়ে গেছে এর মূল পরিচয়। হারিয়ে গেছে তার ঐতিহাসিক অর্থ ও অস্তিত্ব।
‘ধোলাই’ শব্দের অর্থ ‘ধোয়া’ বা পরিষ্কার করা। একসময় এই এলাকাটি দিয়ে প্রবাহিত হতো একটি খাল বা জলধারা—যেখানে মানুষ কাপড় ধুতো, চলত নৌকা, চলত জীবিকার লেনদেন। সেই ধোয়া বা ‘ধোলাই’ থেকেই এসেছে ‘ধোলাইপাড়া’ নাম।
কিন্তু আজ?
সেই খাল নেই, ধোয়ার ধারাও নেই।
আছে কেবল নাম—আর ছোট্ট, সরু একটি নর্দমাসদৃশ জলপথ, যাতে পঁচা দুর্গন্ধময়, নোংরা পানি জমে থাকে। নেই কোনো প্রবাহ, নেই স্বচ্ছতা। আছে কেবল ইতিহাসের জংধরা স্মৃতি।
বর্তমানে ধোলাইপাড় পুরান ঢাকার একটি ঘনবসতিপূর্ণ অঞ্চল। চারপাশে সড়কজুড়ে যানজট, ভাঙা রাস্তাঘাট, অসংখ্য দোকানপাট, ঝুলন্ত বৈদ্যুতিক তার, এবং বর্জ্যে সয়লাভ দৃশ্যপট। নগর উন্নয়নের হাজারো প্রকল্পের ভিড়ে হারিয়ে গেছে এলাকার সেই ঐতিহ্যবাহী রূপ।
মানুষ আছে, ভবন উঠছে, ব্যবসা চলছে—কিন্তু ‘ধোলাই’ নেই। নেই সেই স্বচ্ছ পানির ধারা, নেই ঐতিহাসিক গন্ধ।
নাম আছে, ইতিহাস নেই
‘ধোলাইপাড়া’ এখন শুধু একটি স্থান নয়, বরং এক প্রতীক।
যেখানে পাড় আছে, কিন্তু ধোলাই নেই। যেমন ‘মুগদা’তে আর কোনো মুগ্ধতা নেই, ‘গোপীবাগে’ গোপীর গল্প নেই, ‘লালবাগে’ লাল রঙ মুছে গেছে।
এসব নাম এক সময় মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে ছিল।
আজ সেগুলো কেবল গুগল ম্যাপে লোকেশন কিংবা সাইনবোর্ডে লেখা কিছু অক্ষর।
এলাকাবাসীর কণ্ঠে ধোলাইপাড়ের বর্তমান
রাকিব হাসান (২৬), ধোলাইপাড়ের বাসিন্দা ও একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জানান,
“আমার খালার বাসা এখানে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই এই এলাকায় থাকি। ছোটবেলায় বইয়ে ‘ধোলাইপাড়’ নাম শুনে ভাবতাম এখানে নিশ্চয়ই একটি বড় খাল আছে। মানুষ সেখানে কাপড় ধোয়, গোসল করে, হয়তো মাছ ধরে। কিন্তু বাস্তবে এসে যা দেখেছি, তা একেবারেই ভিন্ন—একটি দুর্গন্ধময়, নোংরা ড্রেনের মতো কিছু।”
রিকশাচালক সরোয়ার (৩২) বলেন,
“আমি এই এলাকায় তিন বছর ধরে আছি। গরমকালে খাল থেকে প্রচণ্ড দুর্গন্ধ আসে। মশা-মাছির উৎপাত বাড়ে। বর্ষায় জলাবদ্ধতায় রিকশা নিয়ে চলতে হয় বিপজ্জনকভাবে। অনেকবার দুর্ঘটনার শিকার হয়েছি।”
পথচারী রাফি (৩০) হতাশা প্রকাশ করে বলেন,
“যদি এই ধোলাইপাড়া অন্য কোনো দেশে হতো, তাহলে এখানে খাল পরিস্কার রাখা হতো, স্রোত বাড়ানো হতো, সৌন্দর্য সংরক্ষণ করা হতো। বিদেশে খালগুলো পর্যটনকেন্দ্র হয়ে উঠে, আর আমাদের দেশে সংস্কারের নামে দুর্নীতি হয়।”
নগরবিদদের ভাষ্য
নগর পরিকল্পনাবিদদের মতে, ধোলাইপাড় আসলে গোটা ঢাকা শহরের একটি প্রতীক।
আমরা যতই নাম ধরে রাখি, যদি ইতিহাস, পরিবেশ ও আত্মা রক্ষা না করি, তবে এক সময় আমাদের নগরজীবন কেবল মুখোশধারী হয়ে থাকবে। এই শহর কবে জানবে—নাম নয়, চেতনা বাঁচাতে হয়।


মন্তব্য করুন