জাতীয় ফুটবল দলের প্রতিভাবান মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় ২০২৫-২৬ মৌসুম থেকে বসুন্ধরা কিংস-এর হয়ে মাঠে নামতে যাচ্ছেন। দীর্ঘ পাঁচ মৌসুম ঢাকা আবাহনীর হয়ে খেলার পর এবার দেশের অন্যতম সফল ক্লাবে যোগ দিলেন এই তরুণ মিডফিল্ডার।

বসুন্ধরা কিংস ক্লাব কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, হৃদয়ের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে এবং নতুন মৌসুমে তাকে ঘিরে মাঝমাঠে বড় পরিকল্পনা রয়েছে ক্লাবটির। ২০১৮-১৯ মৌসুমে ঢাকা আবাহনী লিমিটেডে যোগ দেওয়ার পর থেকেই মোহাম্মদ হৃদয় নিজেকে ধীরে ধীরে প্রতিষ্ঠিত করেন ক্লাবটির অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে। তার নেতৃত্বগুণ, মাঠ কভারেজ ও পাসিং রেঞ্জ দ্রুত নজরে আসে কোচদের।

গত মৌসুমে দলের অধিনায়কত্ব পান তিনি, যা ছিল তার ক্যারিয়ারের অন্যতম সম্মানজনক অধ্যায়। মাঠে নেতৃত্ব ও পেশাদারিত্বের ছাপ রেখে গেছেন প্রতিটি ম্যাচে। নিজের বিদায়বার্তায় হৃদয় বলেন— “আবাহনীতে আমি আমার ক্যারিয়ার শেষ করার স্বপ্ন দেখতাম। তবে খেলোয়াড়ি জীবন সবসময় আমাদের ইচ্ছামতো চলে না।

সময়ের বাস্তবতা অনেক সময় হৃদয়ে কষ্ট নিয়েও কঠিন সিদ্ধান্ত নিতে হয়।” তিনি আরও বলেন— “আবাহনী শুধু আমাকে একজন খেলোয়াড় হিসেবে গড়ে তোলেনি, দিয়েছে নেতৃত্ব, আত্মবিশ্বাস আর ভালোবাসা। আমি চিরকৃতজ্ঞ আবাহনীর কোচ, কর্মকর্তা, সতীর্থ ও সমর্থকদের প্রতি।” মোহাম্মদ হৃদয়র জাতীয় দলের ক্যারিয়ার শুরু হয় ২০১৬ সালে, বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের হয়ে।

এরপর তিনি দেশের বয়সভিত্তিক প্রতিটি স্তরে প্রতিনিধিত্ব করেন:২০১৬–২০১৮: বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের হয় খেলেছেন ৬ ম্যাচ,২০১৯–২০২১: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এর হয়ে ৬ ম্যাচ, ২০২১ সালে : বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ৩ খেলেছেন।

বয়সভিত্তিক দলে প্রায় ৫ বছর খেলার পর, ২০২১ সালে তিনি বাংলাদেশ জাতীয় দলে অভিষেক করেন। এরপর নিয়মিত স্কোয়াডে জায়গা করে নেন এবং আন্তর্জাতিক ম্যাচগুলোতেও পারফর্ম করেন আত্মবিশ্বাসের সঙ্গে। বসুন্ধরা কিংস দেশের আধুনিক ও পেশাদার কাঠামোর ক্লাবগুলোর মধ্যে শীর্ষে।

এই ক্লাবে যোগ দিয়ে মোহাম্মদ হৃদয় বলেন— “নতুন দায়িত্ব, নতুন চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা নিয়ে আমি বসুন্ধরা কিংস-এর হয়ে মাঠে নামতে প্রস্তুত। এই যাত্রায় আমি সকলের দোয়া ও ভালোবাসা কামনা করছি।” বসুন্ধরা কিংস এক বিবৃতিতে জানিয়েছে, “জাতীয় দলের এই উদীয়মান মিডফিল্ডার আমাদের মিডফিল্ডে গতি ও গভীরতা যোগ করবেন। তার আগমন আমাদের স্কোয়াডকে আরও সমৃদ্ধ করবে।”