‘জুলাই বিপ্লবের’ শহীদ ও আহত পরিবারদের সম্মাননা অনুষ্ঠানে প্রশাসনিক হস্তক্ষেপ ও অনুষ্ঠান বন্ধের অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকাস্থ চট্টগ্রাম সমিতি।
সোমবার বেলা সাড়ে ১০টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ উত্থাপন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সমিতির আহ্বায়ক এম এ হাশেম রাজু।
বক্তারা জানান, গত ১৮ জুলাই ‘জুলাই বিপ্লবের’ শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদানের জন্য চট্টগ্রাম সমিতির অডিটোরিয়ামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। কিন্তু শাহবাগ থানা পুলিশ প্রশাসন কর্তৃক চট্টগ্রাম সমিতির অডিটোরিয়ামে প্রবেশে বাধা দেওয়া হয়। এতে শহীদ ও আহত পরিবারের সদস্যরা প্রচণ্ড রৌদ্রে ঘণ্টার পর ঘণ্টা বাইরে দাঁড়িয়ে ছিলেন।
বক্তারা বলেন, “চট্টগ্রাম সমিতির আহ্বায়ক এম এ হাসেম রাজু ও আহত যোদ্ধা এমদাদ বাবুকে ফ্যাসিস্ট সরকারের আমলে নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল। অথচ আজ সেই শহীদ ও আহতদের সম্মান জানানোর উদ্যোগেও বাধা দেওয়া হচ্ছে। এটি শুধু দুঃখজনক নয়, এটি সরাসরি ‘জুলাই বিপ্লব’-এর চেতনার ওপর আঘাত।”
তারা প্রশ্ন তোলেন—যে সমস্ত ব্যক্তিরা ‘জুলাই বিপ্লব’-এর শহীদদের হত্যার দায়ে অভিযুক্ত, তাদের বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও প্রশাসন কেন তাদের গ্রেফতার করছে না? কাদের সন্তুষ্ট করতে এই অনৈক্য ও অন্যায় আচরণ?
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শহীদ মীর মুগ্ধের পিতা, শহীদ ওয়াসিমের পিতা, আহত যোদ্ধা সায়েমসহ অনেকে। তারা বলেন, “আমরা নতুন বাংলাদেশ পেয়েছি শহীদদের আত্মত্যাগের বিনিময়ে। অথচ সেই শহীদদের পরিবারের প্রতি এমন আচরণ ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ।”
চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে প্রশাসনের এ ধরনের আচরণের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় এবং অনুষ্ঠানের পুনরায় আয়োজনের ঘোষণা দেওয়া হয়।



মন্তব্য করুন