পুরান ঢাকার ক্রীড়াঙ্গনে একসময় যে নামটি ছিল গর্ব ও গৌরবের প্রতীক, সেই ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব আজ রীতিমতো হারিয়ে যেতে বসেছে। নেই নিজস্ব মাঠ, নেই কোনো স্থায়ী ক্লাব ভবন বা অনুশীলন সুবিধা। ঢাকার ঐতিহাসিক লালকুঠির পাশে একটি ঝাপসা সাইনবোর্ড—সেটিই এখন ক্লাবটির অস্তিত্বের একমাত্র চিহ্ন।
ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবটি পুরান ঢাকার ঐতিহাসিক স্থান রূপলাল হাউস এবং নর্থব্রুক হলের মাঝখানে অবস্থিত। ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত এটি খেলেছে দেশের শীর্ষ স্তরের লীগ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। তবে সেই মৌসুমেই অবনমনের পর দলটির পতনের শুরু। বর্তমানে ক্লাবটি বাংলাদেশ ফুটবল লিগ ব্যবস্থার দ্বিতীয় স্তরে টিকে থাকার সংগ্রামে লিপ্ত।
হারিয়ে যাওয়া গৌরব : ঢাকার স্থানীয় ফুটবলে একসময় শক্ত অবস্থান ছিল ফরাশগঞ্জের। এই ক্লাব থেকেই উঠে এসেছেন অনেক প্রতিভাবান ফুটবলার, যাঁরা খেলেছেন জাতীয় পর্যায়েও। ক্লাবটি ছিল পুরান ঢাকার তরুণদের স্বপ্নের কেন্দ্রবিন্দু।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হারিয়েছে মাঠ, ভবন ও পরিচর্যার অভাবে হারিয়েছে কাঠামোগত ভিত্তি। এখন সেই ক্লাবের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় কেবল একটি সাইনবোর্ডে। তার পথ ধরে ভেতরে প্রবেশ করলে দেখা যায়—‘অফিস কক্ষ’ লেখা একটি রুমে এখন চলছে সিটি করপোরেশনের ওয়ার্ড সচিবের অস্থায়ী অফিস।
জিমই এখন ক্লাবের শেষ চিহ্ন : ক্লাব ভবনের পাশে রয়েছে একটি ছোট জিমনেসিয়াম, যা এখন একমাত্র সচল অংশ। স্থানীয় বাসিন্দা শরিফুল জানান, “জন্ম থেকেই আমি এই এলাকায় থাকি। ক্লাবটিতে এখন শুধু এই জিম আছে, আমরা নিয়মিত অনুশীলন করি।”
ক্লাবের জিম দেখভাল করেন শফিকুল ইসলাম বাবুর পরিবার। অনুপস্থিত বাবুর হয়ে তার ছেলে সাব্বির জানান, “একসময় এই ক্লাবটি ছিল পুরান ঢাকার ক্রীড়া প্রেমীদের গর্ব। এখন কাঠামো নেই, মাঠ নেই, সঠিক পরিচালনা নেই বলেই ক্লাবটি একরকম অচল।”
তিনি আরও বলেন, “যখন কোনো লীগ থাকে, তখন খেলোয়াড়রা মাঝে মাঝে এখানে এসে জিম করে। অনুশীলন করতে হয় পাশের পুলিশ লাইন (মিল বেরাক) গেন্ডারিয়া মাঠে অথবা বসুন্ধরা ও ব্রাদার্স ইউনিয়নের মাঠে।”
নেই সহায়তা, নেই উদ্যোক্তা : ক্লাবের অব্যবস্থাপনার পেছনে রয়েছে সরকারি সহযোগিতার অভাব এবং স্থানীয় উদ্যোক্তাদের অনাগ্রহ। ফলে ঐতিহ্যবাহী ক্লাবটি আজ কার্যত নিস্তেজ হয়ে পড়েছে।
স্থানীয় ক্রীড়াপ্রেমী সাহিদ বলেন, “আমরা ছোটবেলায় ফরাশগঞ্জের খেলা দেখে বড় হয়েছি। এখন শুধু সাইনবোর্ডটা পড়ে আছে। এটা শুধু একটা ক্লাব নয়, এটা আমাদের শেকড়। এটা হারানো মানে নিজের অতীত হারানো।”
পুনরুদ্ধারে এলাকাবাসীর দাবি ক্লাবটির ঐতিহ্য ধরে রাখতে সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগের। প্রয়োজন একটি নিজস্ব মাঠ, একটি পূর্ণাঙ্গ ক্লাব ভবন এবং তরুণদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম। তাহলেই ফিরিয়ে আনা সম্ভব ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের হারানো গৌরব এবং পুরান ঢাকার সেই ক্রীড়া উন্মাদনা।


মন্তব্য করুন