রাজধানীর পুরান ঢাকার বুড়িগঙ্গার নদীর তীরে দাঁড়িয়ে থেকে আজও ইতিহাসের অংশ হয়ে কালের বিবর্তনের স্বাক্ষী দিচ্ছে লালকুঠি। এটি ঢাকার অন্যতম প্রাচীন ও সৌন্দর্যময় স্থাপত্য শিল্পের একটি নিদর্শন।
বুড়িগঙ্গার ঢেউয়ের সঙ্গে মিতালি করে এই ভবনটি একসময় জমে উঠত আড্ডা আর আনন্দে। ঢাকার ৪০০ বছরের প্রাচীন ইতিহাসের গর্বিত অংশও এই লালকুঠি। এটির জৌলুস ছিল প্রমত্তা বুড়িগঙ্গার মতোই। কিন্তু এখন বুড়িগঙ্গার সঙ্গে পাল্লা দিয়ে দিন দিন লালকুঠিও হারিয়েছে তার জৌলুস। ইতিহাসের গর্বিত অংশীদার প্রাচীন নান্দনিকতার স্থাপত্যিক এই নিদর্শনটি নতুন প্রজন্মের কাছে রূপকথার কোনো গল্পের মতোই।
পর্যাপ্ত প্রচারের অভাবে লালকুঠিকে ভুলতে বসেছে জনসাধারণ।কালের বিবর্তনের নীরব এই স্বাক্ষীর বিষয়ে জনমনে ধারণা দিতে না পারলে শুধু লালকুঠিই কালের গর্ভে হারিয়ে যাবে না, হারিয়ে যাবে ঢাকার খন্ডিত ইতিহাসও। ১৮৭৪ সালে ভারতের তৎকালীন গভর্নর জেনারেল জর্জ ব্যরিং নর্থব্রুক ঢাকা সফরে আসেন। ওই সফরকে স্মরণীয় করে রাখার জন্য ১৮৭২ সালে টাউন হল হিসেবে ভবনটির নির্মাণ কাজ শুরু করা হয়। ভবনটির নির্মাণের জন্য ওই সময়কার ভাওয়াল রাজা রাজেন্দ্র নারায়ণ রায়চৌধুরী ১০ হাজার টাকা দান করেন।১৮৭৯ সালের শেষের দিকে নর্থব্রুক হলের নির্মাণ কাজ শেষ হয়। আর ১৮৮০ সালের ২৫ মে এই ভবনটির উদ্বোধন করেন ঢাকার তৎকালীন কমিশনার। ওই সময় ঢাকার স্থানীয় ধনাঢ্য ব্যক্তিরা গভর্নর জেনারেল নর্থব্রুকের সম্মানে এই ভবনের নাম দেন নর্থব্রুক হল। শুধু তাই নয়, নর্থব্রুকের সম্মানে এ ভবনটি সংলগ্ন সড়কটির নামকরণও করা হয় ‘নর্থব্রুক হল রোড’ নামে। এই ভবনেই আয়োজন করা হতো তৎকালীন পদস্থ রাজকর্মচারী ও ধনাঢ্য ব্যক্তিদের সভা এবং অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রম।পরবর্তীতে ১৮৮২ সালে এটিকে টাউন হল থেকে পাঠাগারে রূপান্তর করা হয়। ওই সময় ঢাকার নবাব আহসান উল্লাহসহ স্থানীয় গণমান্যরা লাইব্রেরিটিতে অনেক বই উপহারস্বরূপ প্রদান করেন। পরে, ১৮৮৭ সালে এই পাঠাগারের জন্য ইংল্যান্ড থেকেও আনা হয় বেশ কিছু বই। যার কারণে স্বল্পসংখ্যক বই নিয়ে যাত্রা শুরু করলেও কয়েক বছরের মধ্যে পাঠাগারটির বইয়ের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়। তবে, মুক্তিযুদ্ধের সময় পাঠাগারের অধিকাংশ বই নষ্ট হয়ে যায়। মূল্যবান ও দুর্লভ বই ছাড়াও লাইবেরিটিতে রাখা হতো বেশ কয়েকটি দৈনিক পত্রিকা। স্থানীয় মানুষজন পাঠাগারটিতে এসে বই ও পত্রিকা পড়ে থাকেন। লালকুঠির দক্ষিণ-পূর্ব কোনের একটি জরাজীর্ণ ভবনে অবস্থিত পাঠাগারটির হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
সরেজমিনে লালকুঠিতে দেখা যায় মূল ভবনটির রঙের সংস্করণ চলছে। দরজা ও জানালায় গাঢ় কালো রঙ এবং দেয়ালে লাল রঙ চলমান। ওখানকার একজন রঙ মিস্তিরির সাথে কথা বললে তিনি বলেন আমরা গতবছর থেকে এখানে কাজ করছি । রঙের কাজ শেষ হতে বেশ সময় সময় লাগবে।
পাশেই আরেকটা নতুন ভবনের ভিত্তি স্তম্ভ করা হয়েছে কিন্তু ওটার কাজের কোনো অগ্রগতি নেই। লালকুঠি সংস্কারের দায়িত্ব পেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত ঢালি কনস্ট্রাকশন। একজন কর্মকর্তা জানান, তারা দুই বছর যাবত লালকুঠির সংস্করণ কাজ করে যাচ্ছেন। তিনি বলেন আমরা চেষ্টা করছি দ্রুত কাজ শেষ করতে। পুরনো ঐতিহ্য ধারণ করে নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে। আশাকরি আগামী বছরের মধ্যে দর্শনার্থীদের জন্য লালকুঠি সুন্দর ও মনোরঞ্জনদায়ক হয়ে উঠবে।
সংস্করণের মধ্যে ও সকাল থেকে সন্ধ্যা অবধি বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ভ্রমণ পিপাশু অনেক বিদেশি টুরিস্টরা এখানে এসে কয়েকশত বছরের পুরনো ইতিহাসকে জানার ও বোঝার চেষ্টা করে।
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের (প্রস্তাবিত) কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাসের শিক্ষার্থী পারভেজ মল্লিক জানান যে , আমাদের ক্যাম্পাস থেকে লালকুঠি খুব কাছেই । আমাদের শিক্ষকরা মোঘল আমলের ইতিহাস ঐতিহ্য সম্পর্ক নিয়ে যখন কথা বলেন তখন পুরান ঢাকার বেশকিছু স্থানের কথা বলেন তার মধ্যে লালকুঠি একটি পুরনো ঐতিহ্যপূর্ণ স্থান। আমাদের ক্যাম্পাসের পাশেই হওয়ায় আমাদের কাছে এর গুরুত্ব কম মনে হলেও দূর থেকে যারা আসে তারা খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে স্থানটি ঘুরে দেখে ছবি তোলে, ভিডিও করে। লালকুঠির সংস্করণ কাজ চলায় এখন ভিতরে প্রবেশ করতে না পারলেও বাইরে থেকে এর পুরনো ঐতিহ্যের সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়। সরকার থেকে উচিৎ এই স্থান গুলো সহ আরো আশে পাশে যে প্রচীন স্থান গুলো ইতিহাস ঐতিহ্য নিয়ে এখনো আমাদের মাঝে বর্তমান সভ্যতায় টিকে রয়েছে সেগুলো সংরক্ষণের দায়িত্ব নেওয়া এবং পুরান ঢাকায় আরো কিছু এমন স্থাপনা রয়েছে যে গুলোর মধ্যে অনেক স্থান আছে যে স্থানীয় দখলদার দ্বারা তাদের নিজস্ব স্বার্থে পরিচালিত হচ্ছে যার ফলে সেই স্থাপনা গুলো দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার ওই স্থান গুলো দখলদারদের থেকে মুক্ত করে পর্যটন কেন্দ্রে পরিনত করলে, স্থান গুলোও ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে মুক্তি পাবে এবং পর্যটনদের জন্য দর্শনীয় স্থান বৃদ্ধি পাবে।
উল্লেখ, লালরঙে রাঙানো থাকার কারণে নর্থব্রুক হলের পরিবর্তে স্থানীয় জনসাধারণ এটিকে লালকুঠি নামেই ডাকা শুরু করে। ফলে, লালকুঠি নামেই টাউন হলটি ব্যাপক পরিচিতি পায়। পাকিস্তান আমলেই লালকুঠি তার ঐতিহ্য হারাতে শুরু করে। কর্তৃপক্ষের অবহেলায় শ্রীহীন হয়ে পড়ে ভবনের লাইব্রেরিটি। সময়ের প্রয়োজনে এখানে গড়ে ওঠা ভবনগুলো লালকুঠির সৌন্দর্যকে ম্লান করে দিয়েছে বলে মনে করেন স্থানীয় জনগণ। বর্তমানে ভবনটির দায়িত্বে রয়েছে ঢাকা সিটি করপোরেশন। ২০০৮-এর বিধি অনুযায়ী রাজউক কর্তৃক মহাপরিকল্পনাভুক্ত স্থাপনা হিসেবে নর্থব্রুক হল তথা লালকুঠিকে সংরক্ষণের জন্য তালিকাভুক্ত করা হয়। এরই প্রেক্ষিতে সংস্কারের নামে দীর্ঘ কয়েকবছর ধরে কি করছে সে বিষয়ে অবগত নন এলাকাবাসী। দ্রুত সংস্কার করে সর্বসাধারণনের দর্শনের প্রবেশে সহজ করার কথা জানান অত্র এলাকার বাসিন্দারা।


মন্তব্য করুন