দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের গলগলিয়া গ্রামে অবস্থিত সিকদার গ্রুপের ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে শুক্রবার গভীর রাতে সংঘটিত হয়েছে দুর্ধর্ষ ডাকাতি। প্রায় ২০ জনের একটি ডাকাত দল রাতভর তাণ্ডব চালিয়ে কয়েক কোটি টাকার যন্ত্রাংশ, ক্যাবল, ল্যাপটপ, মনিটর, ব্যাটারি ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
বিদ্যুৎকেন্দ্রের ইনচার্জ কবির জানান, রাত সাড়ে ৭টার দিকে অস্ত্রধারী ডাকাতরা কৌশলে প্ল্যান্টে প্রবেশ করে প্রথমে নিরাপত্তাকর্মী ও কর্মচারীদের হাত-পা ও চোখ বেঁধে জিম্মি করে। এরপর সবাইকে একটি ভবনে আটকে রেখে প্রায় আট ঘণ্টা ধরে কন্টেইনার ও অফিস কক্ষ থেকে মূল্যবান যন্ত্রপাতি লুট করে।
কর্মচারীরা জানান, অন্তত তিনজন ডাকাতের হাতে পিস্তল ছিল এবং বাকিদের হাতে ধারালো অস্ত্র। সিসিটিভি ফুটেজের এক্সেস জানতে কর্মীদের ওপর হামলা চালানো হয়। অফিস সহকারী একরামুল হক প্রতিরোধের চেষ্টা করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আহত করা হয়।
সিকিউরিটি গার্ড তামিম বলেন, “গেটে পৌঁছেই কয়েকজন আমাকে জোরপূর্বক বেঁধে ফেলে এবং পিস্তল দেখিয়ে হুমকি দেয়।”
ইমাম শফিকুল ইসলাম জানান, নামাজ পড়াতে আসার সময় অপরিচিত একজন গেট খুলে দিলে তিনি ভিতরে ঢোকেন, পরে ডাকাতরা তাকে ধরে অন্যান্যদের সাথে আটকে রাখে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বলেন, “সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তিনি জানান, ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
সূত্র জানায়, ডাকাতরা নদীপথে ট্রলার ও সড়কপথে ট্রাক ব্যবহার করে প্ল্যান্টে পৌঁছায়। তাদের স্থানীয় বলে সন্দেহ করা হচ্ছে, কারণ তারা মুন্সিগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলছিল।
উল্লেখ্য : পাওয়ারপ্যাক হোল্ডিংস লিমিটেড পরিচালিত ১০০ মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুৎকেন্দ্র ২০১২ সালের ২ ডিসেম্বর থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করে। এটি ১ম ধলেশ্বরী সেতুর টোল প্লাজার পাশে, গলগলিয়া গ্রামে অবস্থিত।


মন্তব্য করুন