ঢাকার কেরানীগঞ্জে নিজ ঘরে হাত-পা বাঁধা অবস্থায় এক বৃদ্ধাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয়দের দাবি, এ ঘটনায় ডাকাতি ও পরিকল্পিত হত্যাকাণ্ডের ইঙ্গিত রয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের রসুলপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধার নাম সহর বানু (৬২)। তিনি ওই এলাকার আব্দুল রহিম মিয়ার স্ত্রী।
নিহতের স্বামী আব্দুল রহিম (৭১) জানান, সকাল সাড়ে ১১টার দিকে তিনি বাজারে যান এবং জোহরের নামাজ আদায়ের পর মসজিদের পাশে এক দোকানে অবস্থান করছিলেন। এ সময় প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে তিনি বাসায় ফিরে গিয়ে স্ত্রীর মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন।তিনি জানান-
“ঘরের তৃতীয় তলায় আমাদের শয়নকক্ষে স্ত্রীর হাত-পা স্কচটেপ দিয়ে বাঁধা এবং মুখে কাপড় গুঁজে রাখা ছিল। তাৎক্ষণিকভাবে তাকে সাজেদা হাসপাতাল ও পরে মিটফোর্ড হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন”।
নিহতের পুত্রবধূ মীম জানান, ঘটনার সময় তিনি তার বাবার বাড়িতে ছিলেন এবং তার স্বামী অফিসে যাওয়ায় সহর বানু একা ঘরে ছিলেন।
তিনি বলেন-“আমার শাশুড়ি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তার কানে ও গলায় স্বর্ণালংকার ছিল, যা ঘটনার পর আর খুঁজে পাওয়া যায়নি। আমরা নিশ্চিত, এটি ডাকাতির উদ্দেশ্যে পরিকল্পিত হত্যা”।
এলাকাবাসীর দাবি, এটি কোনো অপরিচিতের কাজ নয়। নাম প্রকাশ না করার শর্তে একজন প্রতিবেশী জানান, যোহরের নামাজের সময় দেড়টা থেকে পৌনে দুইটার মধ্যে তিনি বাসা থেকে বের হয়ে যেতে দেখেছেন দুইজন পুরুষ ও একজন বোরকাপরিহিত নারীকে।
তিনি বলেন-“আমাদের ধারণা, খালার (সহর বানু) পরিচিত কেউই এর সঙ্গে জড়িত। তাকে চিনে ফেলায় হয়তো হত্যা করা হয়েছে”
নিহতের মামা ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন মাস্টার বলেন- “এটি একটি নির্মম হত্যাকাণ্ড। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইলিয়াস হোসেন জানান,-“পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ চলছে। খুব শিগগিরই অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


মন্তব্য করুন