গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ–এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে কেরাণীগঞ্জ প্রেসক্লাবে আজ রবিবার, ১০ আগস্ট ২০২৫ বিকাল ৩টায় এক প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল গনির সভাপতিত্বে প্রেসক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন, সাবেক সভাপতি মজিবুর রহমান, সিনিয়র সাংবাদিক মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক মো. শাহিন, কোষাধ্যক্ষ শামসুল ইসলাম সনেট, দফতর সম্পাদক ইমরুল কায়েস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শিপন উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মো. সাইদ ও মো. আরিফ, প্রচার সম্পাদক রানা আহমেদসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় কেরানীগঞ্জ প্রেসক্লাবের সদস্যরা তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, সারা দেশে সাংবাদিকদের উপর নির্যাতন, হত্যা ও হুমকির ঘটনা বেড়ে চলেছে, যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য গভীর হুমকি। তারা অবিলম্বে তুহিন হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সভায় নিহত তুহিনের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বক্তারা সরকারের প্রতি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো ও প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের আহ্বান জানান।
এ সময় কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল গনি এবং সাধারণ সম্পাদক শামীম হোসেন সাংবাদিকদের ব্যক্তিগত জীবনে নিরাপত্তা বজায় রাখার পরামর্শ দেন। তারা বলেন, কোনো সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের একতাবদ্ধভাবে কাজ করতে হবে, যাতে নিরাপত্তা ও পেশাগত দায়িত্ব দুটোই সুরক্ষিত থাকে।
প্রতিবাদ সভায় কেরাণীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের কেরাণীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শাহিন বলেন,“তুহিন হত্যার পর আমাদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতার কারণে সাংবাদিকতা ছেড়ে দেওয়ার পরামর্শ দিচ্ছেন। আমরা সরকারের কাছে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাই।”
কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল গনি ও সাধারণ সম্পাদক শামীম হোসেন একযোগে বলেন,“সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহণ জরুরি। অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলন ও কঠোর প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করব।”
এ সময় কেরাণীগঞ্জের সাংবাদিকরা সরকারের প্রতি আহ্বান জানান, বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমের মর্যাদা রক্ষায় কার্যকর সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা হোক।


মন্তব্য করুন