গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কেরানীগঞ্জে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। সোমবার দুপুরে কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক স্বার্থে তাদের বলি না দেওয়ার আহ্বান জানান।

বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গ্রেফতারকৃত আসামিদের বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার কার্য সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন—কেরানীগঞ্জ সমকালের প্রতিনিধি রায়হান খান, প্রথম আলোর ইকবাল হোসেন রতন, দৈনিক যুগান্তরের আবু জাফর, আমার দেশ পত্রিকার রাকিব হোসেন, বাংলা টিভির সিটি রিপোর্টার এরশাদ হোসেন, ডেনাইটবিডি.কমের রিপোর্টার ইমরান আল রাফিসহ সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ। এ সময় কেরানীগঞ্জের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।