ঢাকা থেকে নারায়ণগঞ্জ রুটে প্রতিদিন হাজারো যাত্রী যাতায়াত করলেও ট্রেনে টিকিট চেকিং ব্যবস্থা কার্যত নেই বললেই চলে। ফলে বহু যাত্রী প্রতিদিন বিনা খরচে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাচ্ছেন।

এই রুটের ট্রেন কমলাপুর থেকে ছেড়ে গেন্ডারিয়া, শ্যামপুর, পাগলা, ফতুল্লা, চাষাড়া ও নারায়ণগঞ্জ বন্দর পর্যন্ত যাতায়াত করে। কমলাপুর স্টেশনে টিকিট চেক করা হলেও অন্য কোনো স্টেশনে এরকম কোনো ব্যবস্থা দেখা যায় না।

টিকিট কাউন্টার আছে, তবুও বিক্রি কম :

সরেজমিনে গেন্ডারিয়া ও চাষাড়া স্টেশনে প্রচুর যাত্রী ট্রেনে উঠছেন। যাত্রী রনি, যিনি চাষাড়া যাচ্ছিলেন, বলেন, “আমি কখনো টিকিট ছাড়া যাই না। কিন্তু প্রায়ই দেখি অনেক মানুষ টিকিট না কেটে ট্রেনে উঠে যায় এবং কোনো চেক ছাড়াই গন্তব্যে পৌঁছে যায়।”

গেন্ডারিয়ার টিকিট বিক্রেতা রেদোয়ান মন্ডল জানান, “এখানে টিকিট বিক্রি কম হয়। অনেকেই টিকিট কাটেন না। রেলের মধ্যে টিকিট চেক করার কোনো ব্যবস্থা নেই। ঢাকা থেকে নারায়ণগঞ্জ দূরত্ব কম হওয়ায় টিটিরা চেক করতে চান না।”

শিক্ষার্থীদের অভ্যাসে পরিণত :
পাগলা স্টেশন থেকে ফতুল্লা হয়ে চাষাড়া যাচ্ছিলেন কয়েকজন শিক্ষার্থী। তাদের মধ্যে একজন বলেন, “পাগলা স্টেশনে টিকিট কাটার কেউ নেই। চাষাড়ায় নামলে কাকে টাকা দেব? আসলে আমরা টাকা দিতে চাই, কিন্তু সিস্টেমটাই এমন।”

মাঝে মাঝে দ্বিগুণ ভাড়া আদায়:
যাত্রীদের অভিযোগ, মাঝে মধ্যে টিটি এসে টিকিট চেক করেন এবং যারা টিকিট ছাড়া থাকে তাদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করেন। এতে নিয়মিত টিকিট কাটা যাত্রীরা বৈষম্যের শিকার হচ্ছেন।

পুরনো অভ্যাস, নতুন সমস্যায় রূপ :
আসাদুল্লাহ নামের এক যাত্রী বলেন, “ছোটবেলায় ব্রাহ্মণবাড়িয়ায় অনেকবার টিকিট ছাড়া ট্রেনে যাতায়াত করেছি। কিন্তু এখন আর করি না। চেক করুক কিংবা না করুক, আমি টিকিট কেটে যাই।”

স্থানীয়রা মনে করেন, টিকিট চেকিং ব্যবস্থার অভাব এবং যাত্রীদের সচেতনতার ঘাটতির কারণে প্রতিদিন রেলওয়ে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। তারা দ্রুত কার্যকর টিকিট চেকিং ব্যবস্থা চালুর দাবি ও জানান।