রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি সাতটি কলেজ নিয়ে গঠিত প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা। এই ইউনিটের পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তী প্রশাসন।

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ৪৪৯৮টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৪০৯৪ জন পরীক্ষার্থী। সেই হিসাবে এই ইউনিটে আসন প্রতি লড়ছেন প্রায় ৬ জন শিক্ষার্থী। এবারের ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে মোট প্রায় ৭২ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন।ভর্তি পরীক্ষায় MCQ পদ্ধতিতে ১০০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় বাংলা ও ইংরেজি বিষয়ের জন্য ৫০ নম্বর ও সাধারণ জ্ঞান থেকে ৫০ নম্বারের প্রশ্ন থাকবে। মেধা তালিকায় প্রস্তুতির ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ওপর ২০ নম্বর বিবেচনা করা হবে।

কলা ও সামাজিক বিজ্ঞানের পরীক্ষা আজকেই অনুষ্ঠিত হলেও বাকি দুই ইউনিটের পরীক্ষা আগামীকাল ২৩ শে আগস্ট শনিবার যথাক্রমে সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে।

প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলো হলো-ঢাকা কলেজে, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ ও সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ।

এ সময়ে প্রত্যেক ক্যাম্পাসের সামনে তথ্য কেন্দ্র ও হেল্প ডেস্ক তৈরি করেছে ছাত্রদল, ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদসহ রাজনৈতিক ও বিভিন্ন জেলা ছাত্রকল্যাণ সংগঠনগুলো। শিক্ষার্থীদের পরীক্ষা সামগ্রী বিতরণ, পানি সরবরাহ ও ব্যাগসহ অন্যান্য জিনিস দায়িত্ব নিয়ে রাখছে তারা। এছাড়াও কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে গেলে চিকিৎসার যাবতীয় সরঞ্জাম রেখেছে তারা।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মেধাক্রম তৈরি হবে মোট ১২০ নম্বরের ওপর। এর মধ্যে এসএসসি থেকে ১০, এইচএসসি থেকে ১০ এবং ভর্তি পরীক্ষার ১০০ নম্বর যোগ হবে।

কলেজ ও বিষয় পছন্দ করতে হবে অনলাইনে। ২০ অক্টোবর বিষয় বরাদ্দ তালিকা প্রকাশ করা হবে। ২৫ অক্টোবর ভর্তি শেষ হবে এবং ৩০ অক্টোবর থেকে নিয়মিত ক্লাস শুরু হবে।