বর্ষার মৌসুম এবং টানা বৃষ্টির প্রভাবে দেশের বাজারে সবজি ও মাছের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। মাদারীপুর জেলার শিবচর উপজেলার পৌর কাঁচাবাজারসহ বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি সবজির কেজিপ্রতি দাম ৮০ থেকে ৯০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। এমনকি একটি ফুলকপি কিনতে গুনতে হচ্ছে ১৪০ টাকা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) শিবচর পৌর বাজার, বহেরাতলা, সোতারপাড় ও দৈনিক বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ বাজারেই সিমের দেখা নেই। কোথাও কোথাও পাওয়া গেলেও প্রতি কেজির দাম ২৪০ টাকা পর্যন্ত। ফুলকপির দাম প্রতি পিস ১৩০ থেকে ১৪০ টাকা, যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে।

স্থানীয় বাসিন্দা সাফায়েত খান বলেন, “ফুলকপি ও সিম আমার খুব পছন্দের সবজি। কিন্তু আজ বাজার ঘুরে ঘুরে শেষ পর্যন্ত ফুলকপি ১৪০ টাকা ও সিম ২৪০ টাকা কেজি দরে কিনতে হলো। এভাবে বাজার চালানো সাধারণ মানুষের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে।”

সবজির বাজার চিত্র :

সাপ্তাহিক হিসাবে সবজির দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। এখন অধিকাংশ সবজি ৮০ থেকে ১০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

বেগুন: ৮০-১০০ টাকা

করলা, বরবটি, কাঁকরোল: ৭০-৯০ টাকা

পটল, ধুন্দল, চিচিঙ্গা: ৪০-৬০ টাকা

কচুর লতি, মুখী: ৭০-৮০ টাকা

শাকপাতা: লালশাক ২৫ টাকা, পুঁইশাক ৪০ টাকা, ডাঁটা শাক ২০ টাকা

ঝিঙা: ৬০ টাকা

ক্যাপসিকাম: ৩৫০ টাকা

পেঁপে: ২০ টাকা

কাঁচা কলা (হালি): ৪০ টাকা

ধনেপাতা: ৪৫০ টাকা (কেজি)

কাঁচামরিচ: ২৪০ টাকা

মাছের বাজার অস্থির

মাছের বাজারেও অস্থিরতা দেখা যাচ্ছে। পাঙ্গাস ও তেলাপিয়া ছাড়া প্রায় সব মাছের দাম ৩০০ টাকার ওপরে। বিক্রেতারা জানাচ্ছেন, পাইকারি বাজার থেকেই বেশি দামে মাছ কিনতে হচ্ছে, যার ফলে খুচরা বাজারে দাম বেশি।

রুই: ৩৫০-৪৫০ টাকা

দেশি শিং: ১০০০ টাকা

চাষের কই: ২২০-২৩০ টাকা

মাগুর: ৮০০-৯০০ টাকা

চিংড়ি: ৮০০-১২০০ টাকা

ইলিশ: বড় ইলিশ (১ কেজি) ২৫০০ টাকা, ছোট ৩ পিস ১৬০০ টাকা

টেংরা, মলা, কাঁচকি: ৫০০-১১০০ টাকা কেজি

মুরগি ও মাংসের বাজার :

সবজির উচ্চ দামের তুলনায় মাংস ও মুরগির বাজার কিছুটা স্থিতিশীল রয়েছে।

ব্রয়লার: ১৭০ টাকা

সোনালি কক, লেয়ার: ২৭০-৩১০ টাকা

দেশি মুরগি: ৬২০ টাকা

গরুর মাংস: ৭৫০-৮০০ টাকা

খাসির মাংস: ১১৫০ টাকা

ডিম (লাল): ১২০ টাকা/ডজন, দেশি ডিম (হালি): ৯০ টাকা

বিক্রেতা ও চালকের অভিমত:

শিবচর পৌর বাজারের এক সবজি বিক্রেতা নাহিদ জানান, “সবজির দাম বেশি থাকায় ক্রেতার সংখ্যা কমেছে। তাই সব ধরনের সবজি আনা সম্ভব হয় না। যেগুলো আনি, পরিচিত কাস্টমারের জন্য সীমিত লাভে বিক্রি করছি।”

এক অটো রিকশা চালক সোজন মিয়া বলেন, “সবজির দাম বাড়লেও গরিব মানুষ এগুলো প্রতিদিন খায়। হয়তো আল্লাহ আমাদের টাকা দেন নাই, কিন্তু প্রতিদিন টাটকা খাবার খাওয়ার মন দিয়েছেন।”