রাজধানীতে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে ঘিরে চলছে সাজ সাজ রব। মণ্ডপ, প্রতিমা তৈরির মাঠ ও মন্দিরগুলোতে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। একই সঙ্গে পূজা উপলক্ষে প্রস্তুত করা হচ্ছে অস্থায়ী মণ্ডপগুলোও, যা এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

দুর্গোৎসবের প্রধান অনুষঙ্গ হলো দেবী দুর্গার প্রতিমা। উৎসব সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। পূজা শুরুর আগেই হিন্দু ধর্মাবলম্বীদের মা দুর্গাকে তুলতে হবে মণ্ডপে। ইতোমধ্যে প্রতিমার কাঠামোর মাটির কাজ শেষ পর্যায়ে রয়েছে। এরপর শুরু হবে রং ও সাজসজ্জার কাজ।
বাঙালি হিন্দুর উৎসবের ঢাকে কাঠি পড়া শুরু হবে ষষ্ঠীর আগে থেকেই। এবারের দুর্গাপূজা ২৮ সেপ্টেম্বর (১৪ আশ্বিন) ষষ্ঠী পূজা দিয়ে শুরু করে ২ অক্টোবর  বিজয়া দশমী দিয়ে শেষ হবে। এর আগে মহালয়া শুরু হবে রবিবার ৪ আশ্বিন (২১ সেপ্টেম্বর) থেকেই শুরু হয়ে যাবে উৎসবের আমেজ। তবে ষষ্ঠী থেকেই কার্যত উৎসবের ঢাকে কাঠি পড়া শুরু হয়।

রাজধানীতে সবচেয়ে বেশি পূজা উদযাপিত হয় পুরান ঢাকায়।

শনিবার (২০ সেপ্টেম্বর)  সরেজমিনে শাখারীবাজার, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, সূত্রাপুর, শ্যামবাজার, বাংলাবাজার, প্যারীদাস রোড, কলতাবাজার, মুরগিটোলা, মদনমোহন দাস লেন, গেণ্ডারিয়া, ডালপট্টি এলাকার অলিগলিতে চলছে পূজার আয়োজন। ছোট-বড় বিভিন্ন মণ্ডপে শুরু হয়েছে মঞ্চ, প্যান্ডেল, তোরণ ও প্রতিমা নির্মাণের কাজ। বেশ ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পী থেকে শুরু করে কর্মচারী ও পূজা কমিটির সদস্যরাও।

এবার পুরান ঢাকায় মহাময়া পূজা কমিটি, আবির্ভাব সার্বজনীন পূজা কমিটি,ভবতারিণী সংঘ, দয়াময়ী মা মহাকালী পূজা সংঘ, অনির্বাণ সংসদ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোতোয়ালী থানা,  নবকল্লোল পূজা কমিটি, শ্রীশ্রী শিব মন্দির, প্রতিদ্বন্দ্বী ক্লাব, সংঘমিত্র পূজা কমিটি, শ্রীশ্রী রাধা মাধব জিউ দেব মন্দির, নতুন কুঁড়ি পূজা কমিটি, নববাণী পূজা কমিটি, রমাকান্ত নন্দীলেন পূজা কমিটিসহ আরও বেশ কিছু ক্লাব পূজা আয়োজনের উদ্যোগ নিয়েছে।

প্রতিমা তৈরির মাঠ গুলো ঘুরে দেখা যায়, দেবী দুর্গা ও তার বাহন সিংহের প্রতিমাসহ তৈরি করা হচ্ছে যাকে বধের জন্য দেবীর আগমন সেই মহিষাসুরের প্রতিমা। এছাড়াও তৈরি হচ্ছে দেবী লক্ষ্মী, সরস্বতী, দেবতা কার্তিক, গণেশ, এবং তাদের বাহন পেঁচা, হাঁস, ইঁদুর আর ময়ূর।

প্রতিমা শিল্পীদের সঙ্গে ব্যস্ত সময় পার করছেন তাদের কারিগররাও। বিভিন্ন জায়গার পাকা মন্দিরগুলো রং আর কাপড়ের বাহারি সাজে সাজছে। গান, নাচ, আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটকের মধ্য দিয়ে বর্ণিলভাবে উৎসব পালনের জন্য চলছে বিরামহীন প্রস্তুতি।

শাঁখারিবাজার ও তাঁতিবাজারের মণ্ডপগুলোর প্রতিমার মাটির কাজ এরই মধ্যে প্রায় শেষ করে ফেলেছেন শিল্পীরা। মূর্তি গড়া শেষে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হবে প্রতিমা। অর্ডার অনুযায়ী প্রতিমা গড়তে তাদের চেষ্টার কোনো কমতি নেই।

মৃৎশিল্পী ও তাদের সহযোগীদের সঙ্গে কথা বলে জানা যায় দুই তিন মাস ধরে শিল্পীরা দেবী দুর্গার প্রতিমা তৈরির কাজ করছেন।

প্রথীক নামের একজন বলেন এ বছর এখনই দুর্গা পূজায় উৎসবের আমেজ লেগে গেছে। শাঁখারী বাজার ও লক্ষীবাজারে মৃৎশিল্পী ও কারিগররা মূর্তি বানাতে ব্যস্ত সময় পার করছে। পূজা উদযাপন বিভিন্ন সংঘের দায়িত্বশীলরা মঞ্চ, প্রতিমা প্রতিস্থাপনের স্থান সাজসজ্জা করছেন।

শাঁখারী বাজারের এক মৃৎ শিল্পী বলেন, পূজা উপলক্ষে সাধারণত অজন্তা ধাঁচের মূর্তি বানিয়ে থাকেন। এগুলো ওরিয়েন্টাল প্রতিমা হিসেবে পরিচিত। অজন্তা ধাঁচের মূর্তির চাহিদা এখন বেশি। এ ধরনের মূর্তিতে শাড়ি, অলংকার ও অঙ্গসজ্জা সবই করা হয় মাটি ও রঙ দিয়ে। প্রতিমার শাড়ি, অলংকার, সাজসজ্জার উপকরণ আলাদাভাবে কিনে নিতে হয়।

আরেক মৃৎশিল্পী জানান, প্রতিবছরই তারা অধীর আগ্রহে দেবী দুর্গার প্রতিমা তৈরির কাজের অপেক্ষায় থাকেন। শুধুমাত্র জীবিকার জন্যই নয়। দেবী দুর্গার প্রতিমা তৈরির সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের ধর্মীয় অনুভূতি, ভক্তি আর ভালোবাসা। দুর্গা মাকে মায়ের মতোই তৈরি করা হচ্ছে।

শাঁখারিবাজারের অনির্বাণ সংঘের দেবদাস রায় বুড্ডা বলেন রবিবার ৪ আশ্বিন (২১ সেপ্টেম্বর) মহালয়া শুরু হবে। এরমধ্যে দিয়ে শুরু হবে পূজার প্রাথমিক কার্যক্রম। যদি ও মূল আনুষ্ঠানিকতা ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী থেকে শুরু হয়ে তা চলবে ২ অক্টোবর দশমী পর্যন্ত। পূজা উপলক্ষে শাঁখারী বাজার ও এর আশেপাশে মণ্ডপ তৈরির জন্য মঞ্চ তৈরির কাজ শেষ পর্যায়ে। আমাদের সবার মধ্যে উৎসব আনন্দ বিরাজ করছে।

উল্লেখ্য, এ বছর ঢাকা মহানগরীতে ২৫৮ টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।