রাজধানীর কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুজন। সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন ছয়জন।

আহতদের উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নয়ন (২৫) ও খাইরুল ইসলাম (৩৮) নামে দুইজনকে মৃত ঘোষণা করেন। বাকি চারজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত নয়নের বাড়ি কেরানীগঞ্জ থানার সোনাকান্দা গ্রামে। তিনি আনু মিয়ার ছেলে। নিহত খাইরুল ইসলাম একই এলাকার মো. ইউনুসের ছেলে।

আহতরা হলেন—শামসুল হক (৭৮), স্বর্ণা (১৯), তারেক (২৯) এবং পরিচয় অজ্ঞাত এক যুবক (২৬)। তাদের মধ্যে বৃদ্ধ শামসুল হকের বাড়ি কেরানীগঞ্জের কামার্তা গ্রামে। তিনি মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। আহত স্বর্ণা পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার দিলবাড়ি গ্রামের মেয়ে। তার বাবার নাম মো. সিবরুল হোসেন।

দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে আসা পথচারী রাব্বি জানান, “মধ্যরাতে নারিকেলবাগ এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সবাই গুরুতর আহত হন। আমরা তাদের উদ্ধার করে দ্রুত ঢামেকে নিয়ে আসি।”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “কেরানীগঞ্জ থেকে মোট ছয়জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুইজন মারা গেছেন, বাকিদের চিকিৎসা চলছে।”