ঢাকার কেরাণীগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এর সহযোগিতায় র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিপুল পরিমাণ নকল ও ভেজাল ঔষধ এবং প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়েছে। একইসঙ্গে দুই ব্যবসায়ীকে মোট ৩ লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) কেরাণীগঞ্জ মডেল থানার আটি বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, আটি বাজার এলাকার মোল্লা বাড়ির মো. সিয়াম কে নকল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী বিক্রির দায়ে ২ লক্ষ টাকা জরিমানা এবং কোলচরের সানোয়ার রহমান কে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত বিপুল পরিমাণ ভেজাল ঔষধ ও প্রসাধনী সামগ্রী জনসমক্ষে ধ্বংস করা হয়।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে এসব ব্যবসায়ী অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রির মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সংস্থার জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
তাপস কর্মকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার ও র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া), জানান—
“সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় র্যাবের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। কেউ অবৈধভাবে নকল ও ভেজাল ঔষধ বা প্রসাধনী বিক্রি করলে তাকে আইনের আওতায় আনা হবে।”


মন্তব্য করুন