বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবকে সামনে রেখে রাজধানীর পুরান ঢাকায় জমে উঠেছে পূজার প্রস্তুতি ও কেনাকাটা। পূজা যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে দোকানপাটে ক্রেতাদের ভিড়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সরেজমিন ঘুরে দেখা গেছে, পুরান ঢাকার বিভিন্ন মার্কেট, বিশেষ করে সদরঘাট, শাঁখারীবাজার, বাংলাবাজার, ইসলামপুর, লক্ষ্মীবাজার, ধূপখোলা, তাঁতীবাজার ও ওয়ারী এলাকায় ক্রেতাদের উপচে পড়া ভিড়।
ক্রেতাদের মূল আগ্রহ পোশাক, প্রসাধনী ও পূজার আনুষঙ্গিক সামগ্রী ঘিরে। পোশাকের দোকানগুলোতে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। পূজার জন্য শাড়ি, পাঞ্জাবি, ধুতি, থ্রি-পিস কিনছেন ক্রেতারা।
লক্ষীবাজারের তৃষা পাল নামের এক বাসিন্দা বলেন পূজা উপলক্ষে ইসলাম পুর থেকে এ বছর দুটো থ্রি পিজ কিনলাম। একেকটা থ্রি পিজের জন্য ১৫০০ টাকা করে দাম দিতে হলো। পোশাকের দাম একটু বেশি হলেও এ বছর পোশাকের মান তুলনামূলক ভালো।
শুধু পোশাক নয়, শাঁখারীবাজার ও বাংলাবাজারের দোকানগুলোতেও পূজার উপকরণ কিনতে ভিড় জমেছে। মণ্ডপ সাজাতে প্রয়োজনীয় সামগ্রী যেমন ফুল, ধূপ, মাটি, থার্মোকল ইত্যাদিও বিক্রি হচ্ছে প্রচুর।
সদরঘাট, ইসলাম পুর, ধূপখোলা ও ওয়ারীর মার্কেটগুলোতে থ্রি-পিস বিক্রি হচ্ছে কাপড় ও মানভেদে ৬০০ থেকে ৩,০০০ টাকা দামে। শাড়ি বিক্রি হচ্ছে ৬০০০ থেকে ৮০০০ টাকা পর্যন্ত।
এছাড়া পূজাকে ঘিরে জমে উঠেছে গহনা ও প্রসাধনীর বাজার। পুরান ঢাকার ইমিটেশনের দোকানগুলোতে কানের দুল ৮০ থেকে ৩৫০ টাকা, নাকফুল ও আংটি ৭০ থেকে ৪৫০ টাকা, আর গলার হার ১০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।
রুমা ভৌমিক নামের আরেক ক্রেতা যিনি শাখারীবাজারে আসছেন পূজা উপলক্ষে শাখা কিনতে। তিনি বলেন এখান থেকে নতুন ও পছন্দের কতোগুলো শাখা কিনে নিলাম। পূজা ছুটিতে বাড়ি গিয়ে পরিবারের অন্যদের উপহার দিবো।
তাঁতীবাজারের সোনার দোকানগুলোতেও ভিড় লক্ষ্য করা গেছে। তবে সোনার দাম বেশি হওয়ায় অনেকেই ইমিটেশন গহনাই কিনছেন বলে জানিয়েছেন কয়েকজন ক্রেতা।
অন্যদিকে, ইসলামপুর, পাটুয়াটুলী, জাহাঙ্গীর টাওয়ার, ইসলাম টাওয়ার, বকুলি ইসলামপুর কমপ্লেক্স, কাঠেরপুল ও কলতাবাজার এলাকাতেও চলেছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দোকানিদের মতে, পূজার দিন যত ঘনিয়ে আসবে, কেনাকাটার চাপ আরও বাড়বে।
সৃজিত পাল নামের এক পোশাক বিক্রতা বলেন এ বছর পূজায় বিক্রি ভালো হচ্ছে। পূজা যত ঘনিয়ে আসবে বিক্রি তত বেশি হবে।প্রতিদিন দোকানে প্রচুর ক্রেতা সমাগম বাড়ছে। শিশু, বাচ্চা ও মহিলাদের পোশাক বিক্রি হচ্ছে।
উল্লেখ্য, এ বছর ঢাকা মহানগরীতে ২৫৮টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। মূলত পূজার মূল আনুষ্ঠানিকতা ষষ্ঠী থেকে (২৮ সেপ্টেম্বর)থেকে দশমী(২ অক্টোবর) পর্যন্ত চলবে বলে হিন্দু ধর্মাবলম্বীর পন্ডিতেরা জানান।


মন্তব্য করুন