ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের সোনাকান্দার বাসিন্দা ফিরোজ মোল্লা (৩৫) বিদেশে যাওয়ার স্বপ্ন নিয়ে দিন গুনছিলেন। রাত পোহালেই তার বিদেশ যাত্রা হওয়ার কথা ছিল। পরিবারের সবার কাছ থেকে বিদায় নিয়েছিলেন, জীবনের নতুন অধ্যায়ের প্রস্তুতিও ছিল চূড়ান্ত। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না—বিদেশ যাওয়ার আগের দিনেই সড়ক দুর্ঘটনায় ঝরে গেল তার প্রাণ।
গত রবিবার বিকেলে রাজধানীর গুলিস্তানে দুটি বাসের চাপায় গুরুতর আহত হন ফিরোজ। স্থানীয়রা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে এক সপ্তাহ মৃত্যুর সাথে লড়াই করার পর সোমবার উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ফিরোজ রোহিতপুর ইউনিয়নের সোনাকান্দা গ্রামের ইমান আলী মোল্লার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
শনিবার বাদ আসর মদিনাতুল উলুম সোনাকান্দা ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবার ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন। স্থানীয়রা জানান, পরিশ্রমী ও সৎ স্বভাবের কারণে ফিরোজ ছিলেন সকলের প্রিয় মুখ। বিদেশে গিয়ে পরিবারের অভাব ঘোচানো ছিল তার দীর্ঘদিনের স্বপ্ন, যা শেষ পর্যন্ত অপূর্ণ রয়ে গেল।


মন্তব্য করুন