দুর্গাপূজার অষ্টমী তিথিতে রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে কুমারী পূজা উদযাপন করা হয়েছে। হিন্দু শাস্ত্রমতে, এই তিথিতে মহামায়ার ৬ বছরের কুমারী রূপ ‘উমা’র পূজা করা হয়ে থাকে। তবে বর্তমানে ১ থেকে ১৬ বছরের যেকোনো কুমারী কন্যাকে মাতৃরূপে কল্পনা করে পূজা করার চল রয়েছে। এই রীতি একাধারে ঈশ্বরের আরাধনা, মানবতার বন্দনা এবং নারীর মর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত।
রাজধানীর প্রধান কেন্দ্রবিন্দু ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অষ্টমী পূজা শুরু হয় সকাল ৮টা ৫৮ মিনিটে। এরপর দুপুর ১টা ৫০ মিনিট ৩১ সেকেন্ড থেকে ২টা ৩৮ মিনিট ৩৩ সেকেন্ড পর্যন্ত অনুষ্ঠিত হয় সন্ধিপূজা। সাড়ে ৯টা থেকে শুরু হয় অষ্টমী পূজার পুষ্পাঞ্জলি। মন্দির চত্বরজুড়ে ছিল ফুল, ফল ও রঙিন সাজসজ্জার সমারোহ।
বিশেষ নজর দেওয়া হয় নিরাপত্তা ব্যবস্থায়ও। পুলিশের পাশাপাশি আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে সর্বত্র। প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
এদিকে রামকৃষ্ণ মিশনেও অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম জাঁকজমকপূর্ণ কুমারী পূজা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সরেজমিনে রাজধানীর কে আর, টিকাটুলি রোডের রামকৃষ্ণ মিশন মন্দির প্রবেশপথের মূল ফটকে মানুষের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। এদিন প্রখর রোদে মানুষের মধ্যে গরমের কষ্ট অনুভূত হয়।
নারী-পুরুষের জন্য আলাদা প্রবেশ পথসহ ছিল ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। ভিতরে প্রবেশ করলেই হাতের বামে পুলিশ আনসার ও র্যাব সহ তিন স্তরের আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা বেষ্টনী। তারা সিসিটিভি ক্যামেরা ও গোয়েন্দা তৎপরতায় পুরো এলাকায় তদারকি রেখেছেন।
ভিতরে প্রবেশ করতে একটা বিশাল গ্রন্থগার ও লাইব্রেরি যেখানে সনাতনী হিন্দুগণের ধর্মীয় বিভিন্ন পুস্তক বিক্রি হচ্ছে। পূজা প্রণামির জন্য বিভিন্ন বুথও বসেছে।
পূজা উপলক্ষে আসা কয়েকজনের সাথে কথা বললে তারা জানান আজকে সকাল থেকেই প্রচন্ড গরম। তাছাড়া রামকৃষ্ণ মিশন মন্দিরে ঢাকা ও এর আশপাশের বিভিন্ন জায়গা থেকে লোক আসায় প্রচুর মানুষের ভিড়।
পৃথী রাজবংশী নামের একজন বলেন আমি সকাল ১০টায় আসছি সেই মূল ফটক থেকে লাইনে দাড়িয়ে একটু একটু করে সামনে এগিয়ে ঘন্টা খানেক পরে দেরি হলেও শেষ মেষ প্রনাম ও পূজা দিতে পেরেছি।
মিথুন কর্মকর নামের আরেক ব্যক্তি জানান আমি, আমার স্ত্রী ও সাথে ছেলেকে নিয়ে এসেছি। পূজা দেওয়া শেষ করে গরমের ক্লান্ত তাই মঞ্চে বসে দেবী মায়ের দর্শন নিচ্ছি। এখানে সত্যি আজ উৎসবের আমেজ বইছে।
রাজধানী ঢাকার সার্বজনীন পূজা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় রামকৃষ্ণ মিশন মতো বিভিন্ন মন্দিরের মাঠে ও এবারের পূজা হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। প্রতিমা ও মণ্ডপ সাজানো হয়েছে বাহারি রঙ ও নান্দনিক কাঠামোয়। সন্ধ্যারতি ও ধূনুচি নৃত্যসহ প্রতিদিনই থাকছে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন।
এছাড়াও রাজধানীর সিদ্ধেশ্বরী, খামারবাড়ি মন্দির, শাঁখারী বাজার, রমনা কালীমন্দির, বিভিন্ন স্থানে পূজা পালিত হচ্ছে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে। অলিগলি থেকে রাজপথ—সর্বত্রই ছড়িয়ে পড়েছে আলো আর রঙের ছটা।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর জানান, “এ বছর সারা দেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকায় পূজার সংখ্যা ২৫৯টি। পূজার শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে ২২ দফা নির্দেশনা দেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।”
আগামীকাল মহানবমী তিথিতে অনুষ্ঠিত হবে নবমীবিহিত পূজা এবং মণ্ডপে মণ্ডপে বিতরণ করা হবে দেবীর মহাপ্রসাদ। বৃহস্পতিবার বিজয়া দশমীর দিন দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গোৎসব।


মন্তব্য করুন