ঢাকার কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ভেজাল ও অস্বাস্থ্যকর শিশু খাদ্য তৈরির কারখানা। কাপড়ের রং, হাইড্রোজ ও বিভিন্ন ক্ষতিকর ক্যামিক্যাল ব্যবহার করে নামে-বেনামে এসব কারখানায় তৈরি হচ্ছে লজেন্স, ললিপপ, চুইংগাম, চিপসসহ নানা ধরনের শিশু খাদ্য।

সরেজমিনে কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় গিয়ে দেখা যায়, ফ্লাট ও ঘর ভাড়া নিয়ে গড়ে উঠেছে এসব কারখানা। অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে এসব কারখানায় শিশু খাদ্য উৎপাদন চলছে। এখানের কর্মরতরা হাত-পা এক করে এসব খাদ্য উৎপাদন করছে।
তাদের সরল স্বীকারোক্তিতে,প্রশাসনের কিছু অসাধু ব্যাক্তিকে ম্যানেজ করেই এসব কারখানার কার্যক্রম চালাচ্ছে বলে জানায় তারা।
‘আখি ফুড প্রোডাক্টস’ নামক একটি কারখানার একজন ম্যানেজারের সঙ্গে কথা বলতে গেলে তিনি জানান, প্রথমে এখান থেকে তৈরী ও বিভিন্ন মড়কে প্যাকেজিংয়ের পর ঢাকার চকবাজার ও বেগমগঞ্জের পাইকারী দোকানে বিক্রি করা হয় এসব খাদ্য। সেখান থেকে ছড়িয়ে পরে সারাদেশের আনাচে-কানাচেতে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন,” শিশুদের এসব খাদ্যে কোনো ভেজাল নেই,আমরা কারখানা বন্ধ করবোনা,আপনারা যা করতে পারেন করেন”

তিনি আরো জানায়, পরিবেশ অধিদপ্তর ও বিএসটিআই এর কোন রকম অনুমোদন ছাড়াই জিনজিরা এলাকায় চলছে এসব কারখানা।
এছাড়াও দেখা যায়, এসব কারখানায় কর্মরত শ্রমিকদের মাঝের অধিকাংশই শিশু শ্রমিক।

কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মো. শাহনুর ইসলাম জানান, ভেজাল উপকরণে তৈরি এসব খাদ্য শিশুদের ক্যান্সার ও কিডনি বিকলের ঝুঁকি বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে বিভিন্ন জটিল রোগের কারণ হতে পারে।

দীর্ঘদিন ধরে গড়ে উঠা এসব ভেজাল কারখানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেয়ার কারণ জানতে চাইলে, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া প্রথমে মন্তব্য জানাতে দিতে অনিচ্ছা প্রকাশ করে ক্ষিপ্ত হয়ে ওঠেন।তিনি
বলেন, এ ধরনের বিষয়ে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া আমি বক্তব্য দিতে পারব না।
তবে পররবর্তীতে অতি শিঘ্রই এসব কারখানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।