সরকারি সাত কলেজকে নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ) আইন-২০২৫’ এর খসড়া প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। অধ্যাদেশ জারির জন্য প্রক্রিয়ার প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।
সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এই তথ্য জানান সাত কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন প্রতিনিধি, ঢাকা কলেজের শিক্ষার্থী তানজিমুল আবিদ। তিনি জানান, শিক্ষা উপদেষ্টা তাদের আশ্বস্ত করেছেন যে খুব দ্রুত বাকি কাজ সম্পন্ন করে অধ্যাদেশ জারি করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের আন্দোলন থেকে বিরত থেকে ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি।
আবিদ বলেন, “শিক্ষা উপদেষ্টা আমাদের জানিয়েছেন অধ্যাদেশ জারির ৮০ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এই আশ্বাসে আমরা আজকের মতো আন্দোলন স্থগিত করেছি।”
এ বিষয়ে ‘সরকারি সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’ এর সদস্য মো. নাঈম হাওলাদার বলেন, “সাত কলেজকে আলাদা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে যে আন্দোলন চলছিল, তা আপাতত স্থগিত করা হয়েছে। কারণ আমরা দেখেছি, সরকার ইতোমধ্যে কার্যক্রম এগিয়ে নিচ্ছে।”
এর আগে সোমবার সকাল থেকে রাজধানীর শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী। পরবর্তীতে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরাও এতে যোগ দেন।
অবস্থান কর্মসূচির কারণে কিছু সময়ের জন্য শিক্ষা ভবন থেকে সচিবালয় অভিমুখী সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকে। পরে বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে শিক্ষার্থীদের একটি ২৩ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক করেন।
উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে একটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রস্তাব অনুযায়ী এর নাম নির্ধারণ করা হয়েছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ)’।
উল্লেখ্য উক্ত সাত কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ,
সরকারি তিতুমীর কলেজ।


মন্তব্য করুন