কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫।
বুধবার (২২ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া। সভায় নিরাপদ সড়ক বিষয়ক পরামর্শমূলক আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে কেরানীগঞ্জের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
ঢাকা জেলা পুলিশের দক্ষিণ ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (অ্যাডমিন) শাহিদুল আলম শাহিদ বলেন, “কেরানীগঞ্জের প্রধান সড়কগুলোর মধ্যে কদমতলী, চুনকুটিয়া, আব্দুল্লাহপুর ও হাসনাবাদ সবচেয়ে ব্যস্ত এলাকা। এর মধ্যে কদমতলী এলাকায় বিআরটিসি বাসের অবৈধ যাত্রী ওঠানামা ও পার্কিং এবং অটোরিকশার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়।”
তিনি আরও প্রস্তাব করেন, “অটোরিকশাগুলোকে নিয়ন্ত্রণে আনতে ডাম্পিংয়ের ব্যবস্থা করা গেলে যানজট অনেকাংশে কমবে। আটককৃত অটোরিকশাগুলো জরিমানা নিয়ে ছেড়ে দিলে তারা ভবিষ্যতে মহাসড়ক ব্যবহার করতে নিরুৎসাহিত হবে।” কেরানীগঞ্জের প্রধান সড়কগুলোতে অটোরিকশার চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। এতে সড়কে শৃঙ্খলা ফিরবে এবং দুর্ঘটনার হারও কমবে।”
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া বলেন, “কেরানীগঞ্জের কদমতলী এলাকায় অবৈধ ট্রাক স্ট্যান্ড রয়েছে। এখানে খাসজমি থাকায় প্রয়োজনে ট্রাফিক পুলিশ এ স্থানটি ডাম্পিংয়ের জন্য ব্যবহার করতে পারে। উপজেলা প্রশাসন বিষয়টি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
তিনি আরও বলেন, “আধুনিক কেরানীগঞ্জ গড়ে তুলতে সচেতন নাগরিক ও ট্রাফিক পুলিশের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামরুল হাসান খান, সহকারী রাজস্ব কর্মকর্তা, বিআরটিএ ঢাকা জেলা সার্কেল।
এ সময় সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন পদমর্যাদার ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন