“আটাশের আহ্বান, নিঃস্বার্থ হোক রক্তদান” — এই অনুপ্রেরণামূলক প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ তাদের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজন শুরু হয়।
র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রাঙ্গণ ঘুরে বুয়েট ক্যাম্পাস, ঢাকা মেডিকেল কলেজ ও কার্জন হল হয়ে শেষ হয় বাঁধন ট্রান্সফিউশন সেন্টারে (বিটিসি)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. সাইফুদ্দীন আহমেদ। তিনি কেক কেটে ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রক্টর ড. সাইফুদ্দীন আহমেদ বলেন, “স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমের মাধ্যমে বাঁধনের সদস্যরা সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বাঁধনের রক্তদানের এ উদ্যোগ যেন অব্যাহত থাকে, সেটিই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানে বাঁধন ফাউন্ডেশনের সভাপতি রকীব আহমেদ জানান,
প্রতিষ্ঠার পর থেকে গত ২৮ বছরে বাঁধন প্রায় ১১ লাখ ৩৭ হাজার ৩০৯ ব্যাগ বিশুদ্ধ রক্ত সরবরাহ করেছে এবং ২৪ লাখ ৩৬ হাজার মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সেবা দিয়েছে।
এ সময় বাঁধনের কেন্দ্রীয় পরিষদের সভাপতি এস. এম. কামরুজ্জামান কাফি ও সাধারণ সম্পাদক আহমেদ রেযা জুনাইদ সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানান।
সভাপতি কাফি বলেন, “রক্তদানের পাশাপাশি বাঁধন সামাজিক দায়িত্ববোধ থেকেও কাজ করে আসছে। গত বছর বন্যাকবলিত সাতটি জেলার সাড়ে সাত হাজারের বেশি পরিবারের মধ্যে ত্রাণ সহযোগিতা করেছে বাঁধন। এছাড়া সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দ্রুত রক্তদানে ‘কুইক রেসপন্স টিম’ গঠন করে সহায়তা প্রদান করা হয়।”
উল্লেখ্য, ১৯৯৭ সালের ২৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলে এক বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয় বাঁধনের যাত্রা। বর্তমানে সংগঠনটির নিজস্ব ‘বাঁধন অ্যাপ’ রয়েছে, যেখানে দেশের ৫৮টি জেলা থেকে প্রায় ৬৪ হাজার শিক্ষার্থী রক্তদাতা হিসেবে নিবন্ধিত হয়েছেন। প্রতিদিন এই সংখ্যা বাড়ছে।
অনুষ্ঠানে বাঁধনের কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের কর্মী ও সদস্যরা অংশ নেন।


মন্তব্য করুন